‘বাঁচার তাগিদেই জনপ্রিয় লেখা লিখেছি’

সময় গ্রন্থ উৎসবে ইমদাদুল হক মিলন
‘সেটা ১৯৮৪ সালের কথা। জার্মানি থেকে ফিরে এসেছি, সাপ্তাহিক রোববারের চাকরিটাও চলে গেল। আমি তখন পুরোপুরি বেকার। ভাবলাম লেখালেখি করে এ দেশে জীবনধারণ করা যায় কি না, আর কী ধরনের লেখা লিখলে আমি তা করতে পারব। তখন গৃহবধূ আর তরুণ সমাজের মনোরঞ্জনের জন্য আমি লিখতে শুরু করলাম। বেঁচে থাকার জন্যই আমি জনপ্রিয় ধারার লেখা লিখেছি। তবে পাশাপাশি ভিন্ন ধরনের লেখালেখিরও চেষ্টা করেছি।’

কথাগুলো বলছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। ধানমণ্ডির ১৪ নম্বর সড়কে প্লাজা এআর-এর চতুর্থ তলায় চলছে সময় প্রকাশনীর গ্রন্থ উৎসব। উৎসবে ‘লেখকের সাথে কিছুক্ষণ’ পর্বে গতকাল শুক্রবার কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক ইমদাদুল হক মিলন তাঁর লেখালেখি, সময় প্রকাশনীর সঙ্গে তাঁর সম্পর্ক ও জীবনের নানা অম্ল-মধুর অভিজ্ঞতার কথা অকপটে খুলে বলেন তাঁর পাঠক-শ্রোতাদের সামনে। শুরুতেই ইমদাদুল হক মিলনকে নিয়ে বক্তব্য রাখেন কালের কণ্ঠের উপসম্পাদক কথাসাহিত্যিক মোস্তফা কামাল, ক্রীড়া সম্পাদক ও শিশুসাহিত্যিক মোস্তফা মামুন, ডা. মোহিত কামাল ও সুব্রত কুমার দাশ। তাঁরা ইমদাদুল হক মিলনের জনপ্রিয় ধারার লেখার পাশাপাশি ভিন্ন ধারার সৃজনশীল লেখালেখি নিয়ে কথা বলেন। তাঁরা বলেন, ‘পরাধীনতা’, ‘নূরজাহান’, ‘নদী উপাখ্যান’, ‘কালাকাল’সহ আরো কিছু উপন্যাসের জন্য বাংলা সাহিত্যের ইতিহাসে ইমদাদুল হক মিলন দীর্ঘদিন টিকে থাকবেন।

উৎসবে ‘লেখকের সাথে কিছুক্ষণ’ পর্বে আজ শনিবার উপস্থিত থাকবেন মুহম্মদ জাফর ইকবাল, ১৬ মে আনিসুল হক, ১৭ মে তরুণ নির্মাতাদের সঙ্গে আড্ডা, ১৯ মে প্রকাশকদের সঙ্গে আড্ডা, ২০ মে বই নিয়ে আড্ডা, ২১ মে শিশুদের সঙ্গে কিছুক্ষণ পর্বে থাকবেন আলী ইমাম, ফরিদুর রেজা সাগর, লুৎফর রহমান রিটন ও আমীরুল ইসলাম। এ ছাড়া থাকছে বই নিয়ে আলোচনা, তরুণ কবি-সাহিত্যিকদের সঙ্গে আড্ডা, বেসরকারি গ্রন্থাগার ও শিশুদের বই উপহার, সৃজনশীল প্রকাশকদের সঙ্গে আড্ডা, দেশের গান ও শিশুসাহিত্যিকদের সঙ্গে শিশুদের আড্ডা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। মঙ্গলবার বইমেলা বন্ধ, বুধবার শুরু হবে বেলা ২টায়। উৎসব শেষ হবে ২২ মে।

[ad#co-1]

Leave a Reply