গাড়িচালক গ্রেপ্তার
রাজধানীর জুরাইনে দুই সন্তানসহ মায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাশেদুল কবির গাড়িচালক আল-আমীন ধরা পড়েছে। গোয়েন্দা পুলিশের একটি দল গোপালগঞ্জের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গোপালগঞ্জ সদর থানার ওসি বোরহান উদ্দিন গতকাল বৃহস্পতিবার কালের কণ্ঠকে জানান, বুধবার দিবাগত রাত ২টায় ডিবির টিম রঘুনাথপুর এলাকা থেকে আল-আমীনকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায়।
এদিকে, মৃত্যুর কারণ বিষক্রিয়া কি না, সে বিষয় নিশ্চিত হতে পারছেন না বিশেষজ্ঞরা। ময়নাতদন্তে এ ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ভিসেরা রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। লাশ উদ্ধারের ছয় দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার সিআইডির বিশেষজ্ঞদের নিয়ে পূর্ব জুরাইনের সোনারতরী ভবনের দ্বিতীয় তলার বাসায় যান মামলার তদন্ত কর্মকর্তা। তাঁরা বিভিন্ন আলামত জব্দ করার পাশাপাশি ফারজানা কবির রিতা ও তাঁর দুই সন্তান কবির ইশরাক বিন রাশেদ পাবন ও পায়েলের হাতের লেখা পরীক্ষা করেন।
এদিকে, ময়নাতদন্তকারী চিকিৎসকরা মা ও দুই সন্তানের মৃত্যুর বিষয়টি আত্দহত্যা কি না সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে না পারলেও পুলিশ শুরু থেকেই দাবি করেছে রিতা তাঁর দুই সন্তানকে নিয়ে আত্দহত্যা করেছেন। এমনকি গত বুধবার ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরও পুলিশের পক্ষ থেকে একই দাবি করা হয়েছিল। তারা এ ক্ষেত্রে লাশ উদ্ধারের সময়কার পারিপাশ্বর্িক অবস্থাকেই বেশি গুরুত্ব দিচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক গোলাম মোস্তফা গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘তদন্তের প্রয়োজনে লাশ উদ্ধারের দিন থেকে রাজধানীর জুরাইনের আলমবাগের ২২৯ নম্বরের দ্বিতীয় তলার বাসাটি তালাবদ্ধ করে রাখা হয়েছিল। গতকাল সেখানে গিয়ে আরো আলামত জব্দ করা হয়েছে। রিতা ও তার দুই সন্তানের হাতের লেখা নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। ওই লেখা তাদের না অন্য কারো, তা মেলানো হচ্ছে।’ তিনি জানান, ঢাকা ও ঢাকার বাইরে আসামিদের সম্ভাব্য ঠিকানা অনুযায়ী অভিযান চলছে।
পুলিশ তিনজনের মৃত্যুর ঘটনাকে প্রাথমিকভাবে আত্দহত্যা মনে করলেও লাশের ময়নাতদন্তকারী চিকিৎসকরা এ ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না। সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. মাকসুদুল হক কালের কণ্ঠকে জানান, তিন মৃত্যুর ঘটনায় হাসপাতাল থেকে একটি প্রাথমিক প্রতিবেদন পুলিশকে দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। তাদের শরীরে বিষক্রিয়ার প্রমাণ পাওয়া যায়নি।
ডা. মাকসুদুল হক বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করা হয় দুটি বিষয়কে কেন্দ্র করে। প্রথমত মৃতদেহের রাসায়নিক পরীক্ষার পর চিকিৎসকরা মতামত দেন। আর কতক্ষণ আগে মৃত্যু হয়েছে, সে বিষয়টিও পরীক্ষা করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, লাশ উদ্ধারের ২৪ থেকে ৩৭ ঘণ্টা আগে রিতা ও তার দুই সন্তানের মৃত্যু হয়। তিনটি মৃতদেহে বিষক্রিয়ার আলামত পাওয়া যায়নি। তবে লাশে পচন ধরার কারণে প্রমাণ নষ্ট হয়ে থাকতে পারে।’
ডা. মাকসুদুল হক জানান, সাধারণত ৪৮ ঘণ্টার আগে লাশে পচন ধরে না। তবে দুই-তিন ধরনের ওষুধের বিক্রিয়ায় এর আগেও পচন ধরতে পারে। কাজেই ওই তিনজন বিষজাতীয় কিছুর পরিবর্তে অন্যকিছু খেয়েও মারা যেতে পারে। এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে ভিসেরা রিপোর্ট থেকে। মহাখালীর পরীক্ষাগারে ওই প্রতিবেদন তৈরি হচ্ছে। সেটি হাতে পেতে আরো কিছুদিন লাগবে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনটি লাশের বিছানা থেকে ঘুমের ওষুধ ও একটি জগের ভেতর পানি পাওয়া গেছে। জগভর্তি পানিতে বিষ মেশানো ছিল কি না তা পরীক্ষা করছে সিআইডি। এখন পর্যন্ত পুলিশের ধারণা, রিতা তাঁর দুই সন্তানকে নিয়ে ঘুমের ট্যাবলেট ও বিষজাতীয় কিছু খেয়ে আত্দহত্যা করেছেন। মামলার তদন্তকারী দলের সদস্যরা গতকাল মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে যান। ওই দলের সদস্য উপপরিদর্শক কালাম বলেন, ‘প্রধান রাসায়নিক পরিদর্শক কাউসার রহমান বলেছেন ভিসেরা প্রতিবেদন দিতে আরো এক সপ্তাহ সময় লাগতে পারে।’
এদিকে আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছে রিতার পরিবার। ফারজানা কবির রিতার ভগি্নপতি কাজী মোহাম্মদ আরিফ কালের কণ্ঠকে বলেন, ‘রিতার শ্বশুর শফিকুল কবির ও তাঁর ছেলেসহ অন্য আসামিরা একদিকে আমাদের হুমকি দিচ্ছেন, অন্যদিকে আইনজীবীদের সঙ্গে কথা বলছেন।’
পূর্ব জুরাইনের ২২৯ নম্বর বাসা থেকে গত ১১ জুন রাশেদুল কবিরের প্রথম স্ত্রী ফারজানা কবির রিতা ও তাঁর দুই সন্তান পাবন ও পায়েলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিরা হলেন_রিতার স্বামী রাশেদুল কবির, শ্বশুর শফিকুল কবির, শাশুড়ি নূর বানু কবির, ননদ কবিতা কবির, ননদের স্বামী দেলোয়ার হোসেন, ননদ সুকন কবির, গাড়িচালক আল আমিন ও রাশেদুলের দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতি।
[ad#co-1]

Leave a Reply