এক গেলাস পানি খান স্যার।

ইমদাদুল হক মিলন
আমি অবাক হয়ে লোকটার মুখের দিকে তাকালাম। একেবারেই গ্রাম্য, অতি অমায়িক ধরনের মুখ। সেই মুখে লেগে আছে সর্বক্ষণের হাসি হাসি, বিনয়ী ভাব। পরনে খদ্দরের গেরুয়া রঙের ছেঁড়াখোঁড়া পাঞ্জাবি আর সুবজ রঙের লুঙ্গি। খালি পা, মুখে কাঁচা-পাকা দাড়ি, মাথায় বাবরি চুল। এক হাতে অ্যালুমিনিয়ামের একটা কলসি। কলসির মুখে মাটির সরা উপুড় করে ঢেকে রাখা। হাতে কাচের ঝকঝকে গ্লাসে ফটিকের মতো স্বচ্ছ পানি।

খান স্যার এক গেলাস পানি। ডিপটিউবলের পানি। পানি যেমন ভালো, তেমন ঠাণ্ডা। এই গরমে এক গেলাস পানি খাইলে বহুত শান্তি পাইবেন। আত্দা জুড়াইয়া যাইব।

আমি বসে আছি ভালুকার ওদিককার এক গ্রামের রাস্তার ধারের গাছতলায়। সঙ্গে মানু মামা। তিনি এদিকে জমি কিনবেন। একসঙ্গে বেশ কয়েক একর জমি পাওয়া গেছে। উঁচু, গাছপালাভর্তি জমি। যে ভদ্রলোক জমি বিক্রি করবেন তিনি আমার পরিচিত। আমরা কোনো দালাল ধরিনি। সরাসরি মালিকের সঙ্গে দামদস্তুর হচ্ছে। প্রথমে আমি একবার এসে জমি দেখে গেছি। পছন্দ হওয়ার পর মানু মামাকে বললাম। আজ তিনি নিজে এসেছেন দেখতে। মালিক ভদ্রলোক ঘুরিয়ে ঘুরিয়ে তাঁকে জমি দেখাচ্ছেন, সীমানা দেখাচ্ছেন। আমি বসে আছি গাছতলায়। এমন গরম পড়েছে, অস্থির লাগছে। জমির মালিকের বাড়ি পাশেই। আমরা আসব শুনে আগেই বাড়ি থেকে কয়েকটা প্লাস্টিকের চেয়ার এনে রাস্তার ধারের গাছতলায় রেখে দিয়েছেন। আমি ওরকম একটা চেয়ারে বসে ঘামে ভিজছি। হাওয়া বলতে গেলে নেই-ই, গাছের পাতা নড়ছেই না।

এ সময় লোকটি এসে হাজির। কোথা থেকে, কোন দিক দিয়ে এল খেয়ালই করিনি। এখন এক গ্লাস ঠাণ্ডা পানি খেলে অবশ্য আরামই লাগবে। কিন্তু এসব জায়গার পানি খাওয়া ঠিক হবে কি না বুঝতে পারছি না। পানি খুবই রিস্কি জিনিস। বহু রোগের উৎপত্তি পানি থেকে। যত্রতত্র পানি খাওয়া বিপজ্জনক।

আমি কথা বলছি না দেখে লোকটি সেই অমায়িক মুখ নিয়ে হাসল। আপনে কী ভাবতাছেন আমি বলতে পারি স্যার।

শুনে আমার মজাই লাগল। একা বসে আছি, লোকটার সঙ্গে একটু কথা বলি না! চরিত্রটা একটু বোঝার চেষ্টা করি। গম্ভীর গলায় বললাম, কী ভাবছি বলুন তো?

ভাবতেছেন এই পানি খাওয়া ঠিক হইব কি না! চিনি না শুনি না এমন একজন লোক আইসা বলল, এক গেলাস পানি খান স্যার। সঙ্গে সঙ্গে সেই পানি খাওয়া যায় না। পানিটা ভালো না মন্দ এইটা বোঝন দরকার। যে পানি খাওয়াইতাছে সে মানুষ কেমন সেইটা বোঝন দরকার। কথা নাই বার্তা নাই আঁৎকা একজন মানুষ আইসা পানি খাওয়াইতে চাইতাছে ক্যান, তার মতলবটা কী সব বোঝন দরকার।

আমি যা ভাবছি তার সবই আপনি বলে দিচ্ছেন। এর পর আর কিছু থাকলে তাও বলুন।

জি স্যার, আরো কিছু কথা আছে। দেশে আইজকাইল নানান পদের খারাপ খারাপ কাজ হয়। মলম পাট্টি, অজ্ঞান পাট্টি, কত পদের পাট্টি যে বাইর হইছে। কত রকমভাবে যে তারা মানুষের জানমালের ক্ষতি করে! টাকা-পয়সা ছিনাইয়া তো নেয়ই, জানও নিয়া নেয়। আমি স্যার ওই পদের মানুষ না। আপনে আমারে বিশ্বাস করতে পারেন।

পানিটা কি আপনি বিক্রি করেন? কিন্তু এভাবে পানি বিক্রি করলে কেউ খাবে না। আজকাল সবাই বোতলের পানি খায়। ছোট ছোট বোতলে রাস্তাঘাটে ঠাণ্ডা পানি বিক্রি হয়। এই পানি থাকতে আপনার খোলা পানি কে খাবে? আপনার ব্যবসায়িক বুদ্ধি ভালো না।

লোকটা আবার সেই অমায়িক মুখ করে হাসল। না স্যার, আমি পানি বিক্রি করি না। এই এলাকার হক সাহেবের খামারবাড়িতে একখান ডিপটিউবল আছে। সেখান থেকে পানি কলসিতে ভইরা গ্রামে ঘুইরা ঘুইরা মানুষরে খাওয়াই। এইটাই আমার কাজ। কেউ পয়সা দিতে চাইলেও আমি নেই না। আমার স্যার বাড়িঘর, সংসার, ছেলেমেয়ে সবই আছে। ধানের জমি আছে, ছেলের দোকান আছে বাজারে। স্ত্রী মারা গেছে অনেক দিন আগে, মেয়েদের বিবাহ দিয়েছি, ছেলেদের বিবাহ দিয়েছি। সংসারে তেমন অভাব নাই। আমার বয়স হইছে, কাজকাম সংসারে কিছুই করতে হয় না। এই জন্য মানুষের সেবা করি স্যার। টাকা-পয়সা, ধন-দৌলত দিয়া তো কেউরে সাহায্য করতে পারব না। সেই সামর্থ্য নাই। এই জন্য গ্রামের মানুষজনরে, রাস্তাঘাট দিয়া মানুষজন যারা চলাফিরা করে তাদেরকে স্যার এক গ্লাস ঠাণ্ডা পানি খাওয়াই। এইটাই আমার কাজ। কাজটা কইরা মনে বড় শান্তি পাই স্যার।

লোকটার কথা শুনে এই তীব্র গরমে হঠাৎ করে আমার মনে হলো কোত্থেকে যেন এল অতি মনোরম এক হাওয়া। সেই হাওয়া সরাসরি ঢুকে গেল শরীরের অনেক ভেতরে। শরীর শীতল হলো। গভীর আগ্রহ নিয়ে তার হাতের এক গ্লাস পানি খেলাম। খেয়ে মনে হলো অন্তর জুড়িয়ে গেল। পানি খেয়ে এত পরিতৃপ্ত জীবনে কমই হয়েছি।

লেখক : কথাসাহিত্যিক ও সাংবাদিক
ih-milan@hotmail.com

[ad#co-1]

Leave a Reply