বিমানবন্দরে কোটি টাকার বিদেশি মুদ্রা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার সবজির ব্যাগে ভরে সোয়া কোটি টাকার বিদেশি মুদ্রা পাচারের সময় বাবু সরকার নামের এক যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা তাকে বোর্ডিং ব্রিজ-২ থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। বিমানবন্দর সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে বহির্গমন টার্মিনাল ভবনের ২ নম্বর বোডিং ব্রিজ এলাকায় কাতার এয়ারলাইন্সে (কিউআর_৩৪৫ নম্বর) দুবাইগামী যাত্রী বাবু সরকারের গতিবিধি দেখে সন্দেহ হলে কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করেন। পরে ফ্লাইট থেকে তার লাগেজ নামিয়ে কাস্টমস হলে আনার পর স্ক্যানিং মেশিনে পরীক্ষা করে তা থেকে সাতটি দেশের ১ কোটি ২৩ লাখ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাবু সরকারের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন। পুলিশ তাকে গ্রেফতার করেছে। বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার সময় ছিল সকাল সাড়ে আটটায় ।

শুল্ক গোয়েন্দা উপ-পরিচালক (এডি) শাজাহান কবির সমকালকে জানান, শুল্ক গোয়েন্দা সুপারিনটেন্ডেন্ট সামসুল ইসলাম খানের তৎপরতায় বিদেশি মুদ্রার চালানটি উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত যাত্রী বাবু গত এক বছরে ৬ বার বিদেশে যাতায়াত করেছে। ধারণা করা হচ্ছে বিমানবন্দর দিয়ে প্রতিবারই এভাবে সে কোটি কোটি টাকার বিদেশি মুদ্রার চালান পাচার করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে । মুদ্রা পাচারের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখার দায়িত্ব পুলিশের। অভিযোগে তিনি আরও জানান, মামলা করার পর বাদীর সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তারা কোনো প্রকার যোগাযোগ করেন না। পুলিশ মামলা তদন্তে মুদ্রা পাচারের সঙ্গে অদ্যাবধি কোনো গডফাদারকে গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ রয়েছে। এই বিদেশি মুদ্রা জামায়াতের তহবিল কি-না, তা গোয়েন্দারা তদন্ত করে দেখবেন।

সূত্র জানায়, গ্রেফতার করা বাবু সরকার সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দর বহির্গমন টার্মিনালের ৬ নম্বর গেটে সিভিল এভিয়েশনের হেভি লাগেজ স্ক্যানিং মেশিনে মুদ্রাভর্তি লাগেজ পরীক্ষা করে বোর্ডিং পাস সংগ্রহ করে। এ সময় স্ক্যানিং মেশিনের দায়িত্বে ছিলেন সিভিল এভিয়েশনের নিরাপত্তা বিভাগের সুপারভাইজার ইব্রাহিম, নিরাপত্তা কর্মী আবদুল মান্নান, শহিদুল ইসলাম ও কাস্টমস পরিদর্শক মিজানুর রহমান। জানা গেছে, উদ্ধার করা লাগেজের মধ্যে অভিনব কায়দায় মুদ্রার প্যাকেট রাখা ছিল। এছাড়াও ওই লাগেজে আলু ও পটোল রাখা ছিল।

প্রাথমিক জিজ্ঞাসায় গোয়েন্দা সদস্যদের কাছে যাত্রী স্বীকার করেছে রাজধানীর ৭/৮ সেগুনবাগিচার আনিসুর রহমানের বাসা থেকে লাগেজ নিয়ে দুবাই যাওয়ার জন্য বিমানবন্দরে আসে । তার লাগেজে মুদ্রার চালান কে দিয়েছে তা তার জানা নেই ।

বিমানবন্দর থানার পুলিশ জানায়, গ্রেফতার হওয়া বাবু সরকার মুন্সীগঞ্জের আনাপুর গ্রামের রেজাউল করিম সরকারের ছেলে।

সমকাল 22-07-2010

———————————————————————-
শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ২২ লাখ টাকার দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার

হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকালে কুয়েতগামী যাত্রী বাবুল সরকারের ব্যাগ তল্লাশী করে ১ কোটি ২২ লাখ টাকা মূল্যের দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। সূত্র জানায়, মুন্সীগঞ্জের গজারিয়ার বাবুল সরকার সকাল ৮টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুবাই যাচ্ছিলেন। তিনি অবৈধ মুদ্রা বহন করছেন এমন তথ্যের ভিত্তিতে বিমানে ওঠার আগ মুহূর্তে তাকে চ্যালেঞ্জ করে শুল্ক গোয়েন্দারা। পরে বাবুল সরকারের ব্যাগ তল্লাশি করে কার্বন কাগজ দিয়ে মোড়ানো দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। মুদ্রা পাচারের অভিযোগে বাবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মুদ্রাগুলোর মধ্যে সৌদি রিয়াল, ইউরোসহ আট দেশের মুদ্রা রয়েছে।

যুগান্তর

english

[ad#co-1]

Leave a Reply