হায়রে আড়িয়ল বিল হায়রে বিমানবন্দর

আ ব দু ল মা ন্না ন
তাল-তমাল-পিয়ালের দেশ, এই বাংলাদেশ। খাল-বিল-হাওরের দেশ, এই আমার দেশ। সার্বিক পরিবেশের প্রেক্ষাপটেই সরকারকে ন্যায় ও সুশাসনের স্বার্থে সব কর্মকাণ্ডকে গুরুত্ব ও অগ্রাধিকার নিরূপণের ভিত্তিতে সাজিয়ে নিতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন জরুরি ত্রাণকার্য, ত্রিমাসিক, বার্ষিক ও দ্বিবার্ষিক কার্যক্রম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে সবকিছু গুছিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অপরিহার্য ও বাঞ্ছনীয় হয়ে পড়ে।

বড় ধরনের অবকাঠামো নির্মাণে নিম্নোক্ত বিষয়গুলো সরকারের বিবেচনাধীন রাখতে হয়।
ক. স্থাপিত অনুরূপ অবকাঠামোর ক্ষমতা, বাস্তবে তা কতটুকু ব্যবহৃত হচ্ছে, ভবিষ্যতের সম্ভাব্যতা ও তার সম্প্রসারণের পরিধি ও সময়কাল এবং তথ্য-উপাত্ত নিয়ে সমীকরণের ওপর গুরুত্ব আরোপ করা।
খ. প্রাপ্ত বিকল্প বিষয়গুলোর আয়-ব্যয়ের অনুপাত পরীক্ষা করে দেখা।
গ. পরিবেশের ওপর কী প্রতিক্রিয়া হয় তার পর্যালোচনা করা।
ঘ. দূর দিগন্তের বিষয়গুলো সম্পর্কে আঁচ করা।
ঙ. জনগণের উদ্বেগের কারণগুলো পরীক্ষা সাপেক্ষে বিবেচনাধীন রাখা।

উপরোক্ত প্রাসঙ্গিক বিষয় ও পরিবেশ বিবেচনায় রেখে আড়িয়ল বিলে প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণ করা যায় কিনা তা সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে।

আড়িয়ল বিল ঢাকা জেলা, মুন্সীগঞ্জ জেলা ও পদ্মা নদীর মাঝখানে একটি ছিটমহলসম জলাভূমি অঞ্চল। এককালে বিক্রমপুর নামেই সুপরিচিত ছিল।

সুজলা, সুফলা, শস্য-শ্যামলার প্রতীক শস্য-রবিশস্য, তরিতরকারি, মাছে ভরপুর ও অসংখ্য প্রজাতির পাখির অনেকটা অভয় বিচরণ ক্ষেত্র হিসেবে সুপরিচিত ছিল, দেশের দ্বিতীয় বৃহত্তম বিল বলে খ্যাত আড়িয়ল বিল।

বিচার-বিশ্লেষণ করে উপরোক্ত বিষয়াদি এবং নিম্নোক্ত তথ্য-উপাত্তের আলোকে সব ভ্রান্তিকর ব্যাখ্যার রূপ উন্মোচন করে দিতে হবে।

১. আয়তন
(ক) আড়িয়ল বিলের দৈর্ঘ্য ২৬ মাইল এবং প্রস্থ ১০ মাইল অর্থাত্ ২৬০ বর্গমাইল বা ১,৬৬,৬০০ একর।
(খ) বিলটিতে গড়ে উঠেছে অসংখ্য জনবসতি, শস্য ক্ষেত্র, মাছেভরা জলাশয় এবং নানা প্রজাতির অসংখ্য পাখির বিচরণ ক্ষেত্র।
(গ) প্রস্তাবিত প্রকল্পের জমির পরিমাণ হবে নাকি বিমানবন্দরের জন্য ১০,০০০ একর, উপশহরের জন্য ১৫,০০০ একর, মোট ২৫,০০০ একর।
বলাবাহুল্য, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জমির আয়তন মাত্র ২,০০০ একর।
প্রস্তাবিত ২৫,০০০ একর জমিতে রয়েছে অসংখ্য জনবসতি, শস্য ক্ষেত্র ও জলাশয়। এক কথায় ৬০ ভাগ গ্রাম ও শস্য ক্ষেত্র, বাকি ৪০ভাগ শস্য ক্ষেত্র ও জলাশয়।
(ঘ) শোনা যাচ্ছে, প্রস্তাবিত ২৫,০০০ একর জমি অধিগ্রহণের মাধ্যমে আসবে শ্রীনগর উপজেলা থেকে ১৪টি মৌজা, নবাবগঞ্জ উপজেলা থেকে ১৮টি মৌজা এবং দোহার উপজেলা থেকে ৭টি মৌজা।

২. অধিগ্রহণতব্য জমির বার্ষিক শস্য ও মাছ উত্পাদন ক্ষমতা
(ক) ধান হয় প্রায় ৪০,০০০ মেট্রিক টন
(খ) মাছ আসে প্রায় ৭০০ মেট্রিক টন
(গ) সবজি ও রবিশস্য হয় প্রায় ১০,০০০ মেট্রিক টন
(ঘ) বিলের শস্যকণা ও মাছের মল নিঃসরণ মিশ্রিত পানি পদ্মা নদীতে নিষ্কাশনে ইলিশ মাছকে আকৃষ্ট করে, উজানে আসতে কিছুটা সহায়ক ভূমিকা পালন করে থাকে।

৩. ভূমি জরিপ
(ক) Cadastral Survey (C.S) কক্সবাজার থেকে ১৮৮৮ সালে শুরু হয়ে ১৯৪০ সালে দিনাজপুরে শেষ হয়। আড়িয়ল বিলের জরিপ সম্ভবত ১৯৩০ দশকে করা হয়। প্রায় শতবর্ষ আগে।
(খ) State Acquisition (A.S) জরিপ ১৯৫৬ সালে শুরু হয়ে শেষ হয় ১৯৬২ সালে।
(গ) Revisional Survey (R.S) ১৯৬৫ সালে শুরু হয়ে অদ্যাবধি কোথাও কোথাও চলছে, যেমন—কিছু পাহাড়ি এলাকায়।
(ঘ) সর্বশেষ, ঋরবষফ ঝঁত্াবু (F.S) (মাঠ জরিপ) যেমন ইতিমধ্যে ঢাকা শহরে হয়েছে।
শোনা যাচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শতবর্ষ আগের প.ং রেকর্ডের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে কাজ শুরু করেছে। এরই মধ্যে ভূমির আকৃতি-প্রকৃতি, মালিকানা, বসতি ও শিল্প স্থাপনা, শস্য চাষের নতুন নতুন পদ্ধতি, মত্স্য চাষের জলাশয় ও নানান ধরনের অবকাঠামো নির্মিত হয়ে সাগরসম পরিবর্তন হয়েছে, তা হয়তো কারও দৃষ্টিগোচরে পৌঁছায়নি। প্রস্তাবিত ২৫,০০০ একর জমিতে রয়েছে অসংখ্য জনবসতি যা উচ্ছেদ করা হলে কয়েক লাখ লোক গৃহহীন হয়ে পথে বসবে। হয়তো তাদের সন্তানেরা পথ-কলিতে মিশে নিঃশেষ হয়ে যাবে এবং যাদের কেউ দেখার থাকবে না। এই যে বলা হয়, ওই ২৫,০০০ একরে তেমন কোনো বাড়িঘর নেই, তেমন কোনো স্থাপনা নেই—এসব কিছুর প্রমাণ হিসেবে মাঠ জরিপ করা হলে থলের বিড়াল বের হয়ে আসবে।

৪. স্বল্প সময়ে পুনঃ পুনঃ উত্পাদন (Short-term Renewable Resources)

(ক) শস্য, রবিশস্য, তরি-তরকারি, মাছ অতি স্বল্প সময়ে পুনঃ পুনঃ উত্পাদন করা হয়ে থাকে।
নদীভাঙনে শস্য জমির কমতি, লবণাক্ত পানির ক্রম বিস্তৃতিতে ফসলহানি, অবকাঠামো স্থাপনে শস্য জমির ঘাটতি এবং ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ ও বিশ্ববাজারে খাদ্যশস্যের লাগামহীন মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ খাদ্য উত্পাদনের প্রক্রিয়ায় এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। উপরোক্ত বিষয়াদিতে সম্পর্কে কঠোর সর্তকতার অভাবে হয়তো চরম মূল্য দিতে হতে পারে।
(খ) দীর্ঘ বা নাতিদীর্ঘ মেয়াদি উত্পাদন (Mid-term Renewable Resources) :
বনায়ন একটি মধ্য বা দীর্ঘ বা নাতিদীর্ঘ মেয়াদি ফসলের প্রক্রিয়া। ঘন ঘন ও পুনঃ পুনঃ উত্পাদন করা না গেলেও সঠিক পরিকল্পনার মাধ্যমে বিকল্প ব্যবস্থায় শস্য ক্ষেত্র ব্যবহার না করেই সাফল্য আসতে পারে।

৫. ভূগভীরস্থ পানির পুনঃ পুনঃ পূরণ পদ্ধতি (Recharging) : পদ্মা নদীর পানি ও জলাশয়ের পানি সনাতন কালের পদ্ধতি অর্থাত্ পুনঃ পুনঃ পূরণের কার্যে আড়িয়ল বিল এলাকা সক্রিয় রয়েছে, বিমানবন্দর স্থাপনে তা ব্যাহত হবে।

৬. আড়িয়ল বিলের দৈর্ঘ্য ও প্রস্থের দিক : মূলত বিলটি পূর্ব-পশ্চিমে বিস্তৃত। পশ্চিমে শেষপ্রান্তে পৌঁছে পশ্চিম-উত্তরে বেঁকে গেছে। সঠিক তথ্য-উপাত্তের অভাবে ধরে নিচ্ছি যে প্রস্তাবিত বিমানবন্দরের রানওয়ে পূর্ব-পশ্চিম হওয়ার সম্ভাবনা বেশি।

বর্তমান হযরত শাহজালাল বিমানবন্দরের রানওয়ে উত্তর-দক্ষিণমুখী। কারিগরি ভাষায় বলা হয় ৩২০০ এবং ১৪০০ বা দিকিনর্দেশনায় সংক্ষেপে বলা হয় ৩২ এবং ১৪।

বিমান উড্ডয়ন ও অবতরণ বাতাসের বিপরীতে করতে হয়। দক্ষিণা মৌসুমি বায়ুর প্রভাবে আমাদের দেশে বছরের ৭০ ভাগ সময়কালে বায়ুপ্রবাহ দক্ষিণ থেকে উত্তরে বয়ে যায়। বাকি ৩০ ভাগ সময়কালে উত্তর থেকে দক্ষিণে বয়ে থাকে। ফলে প্রায় ৭০ ভাগ উড্ডয়ন ও অবতরণ উত্তর থেকে দক্ষিণে অর্থাত্ ১৪ দিকিনর্দেশনায় হয়। বাকি সময়ে প্রায় ৩০ ভাগ দক্ষিণ থেকে উত্তরে বা ৩২ দিকিনর্দেশনায় হয়।

প্রস্তাবিত বিমানবন্দরের রানওয়ে যদি পূর্ব-পশ্চিমমুখী হয় তাহলে সারা বছর ক্রস্উইন্ডের (আড়াআড়ি) মধ্যে উড্ডয়ন ও অবতরণ করতে হবে। কাজেই ব্যাপারটা ঝুঁকিপূর্ণ হবে, খরচ কিছুটা বাড়বে, অঞঈ’র জন্য ঝামেলা ও জটিলতা বৃদ্ধি পাবে।

৭. নদীর পার ভাঙন : উত্তাল ও উন্মত্ত পদ্মা নদীর ঘাত-প্রতিঘাতে প্রতি বছর মানিকগঞ্জের হরিরামপুর, ঢাকার নবাবগঞ্জ ও দোহার এবং মুন্সীগঞ্জের লৌহজং ও টঙ্গীবাড়ীর বিস্তর এলাকায় ভাঙন ঘটে থাকে। সময়ই বলে দেবে নদীর মতিগতি এবং তা প্রস্তাবিত রানওয়ে পর্যন্ত আকৃষ্ট হবে কিনা।

৮. কৃত্রিম উপগ্রহ জরিপ : কৃত্রিম উপগ্রহের জরিপে আড়িয়ল বিলের ভূগর্ভে পিট কয়লার সন্ধান মিলেছে বলে প্রকাশ। ফলে রানওয়ে নির্মাণে কতটা পাইলিং ওয়ার্কস প্রয়োজন হবে, খরচ কতটা হবে এবং শেষ পর্যন্ত পরিপূর্ণ যাত্রী ও মালামালসহ সুপরিসর বিমানের অবতরণের চাপ (P.S.I) কতটা সইতে পারবে, সে বিষয়ে পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা না করে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নেয়া সম্পূর্ণ অযৌক্তিক হবে। তাছাড়া গোটা বিলের কোনো সম্প্রসারিত ভূগর্ভস্থ মাটির পরীক্ষা (soil test) হয়েছে বলে কোনো দিন শুনিনি।

৯. বন্যার পানি নিষ্কাশন :
প্রস্তাবিত বিমানবন্দর ও উপশহর বন্যার পানি নিষ্কাশনে প্রবল বাধা সৃষ্টি করবে।

১০. আড়িয়ল বিলের গভীরতা ও মাটি ভরাট : শুকনো মৌসুমে জলাশয়ের পানি থাকে প্রায় ৫ ফুট এবং বর্ষায় দাঁড়ায় প্রায় ৩০ ফুট। ফলে জমি ভরাট দীর্ঘ সময় ও ব্যয় সাপেক্ষ হয়ে যাবে।

১১. প্রস্তাবিত বঙ্গবন্ধু উপশহর : বিলটি পূর্ব-পশ্চিমমুখী এবং দৈর্ঘ্য ২৬ মাইল ও প্রস্থ ১০ মাইল হওয়ায় উপশহরটি এয়ার ফানেলের মধ্যে পড়বে। কাজেই কোনো উঁচু স্থাপনা নির্মাণ করা যাবে না। শহরটি বামুনে শহর হয়ে গড়ে উঠবে।

১২. পরিবেশ দূষণ : গোটা পরিবেশেরই অভাবনীয় ও অপূরণীয় ক্ষতি সাধন হবে। পরিবেশ দূষণবিরোধী আন্দোলনরত (ন্যায়সঙ্গত) সংস্থাগুলো যথা বাপা, বেলা, এনসিসি (ন্যাচার কনজারভেশন কমিটি) এবং অন্যরা সবাই পরিবেশ দূষণের বিরুদ্ধে কেবল নিরাময় ব্যবস্থার (curative side) দাবি করে আসছে (যেমন বুড়িগঙ্গা নদীর পানি দূষণ)। অথচ প্রতিরোধমূলক (preventive side) ব্যবস্থার ওপর তেমন কোনো স্থাপনা নির্মাণের আগে তাদেরকে ন্যায়সঙ্গত প্রতিরোধে সোচ্চার হতে দেখা যায় না; যথা আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ।

১৩ : প্রস্তাবিত বিমানবন্দরের প্রাক্কলিত ব্যয় : প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫০,০০০ কোটি টাকা। অতীত ইতিহাস বলে দেয়, নির্মাণ সময়ের ব্যয় ওভাররান, বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারণে বেশিরভাগ ক্ষেত্রেই প্রাক্কলিত ব্যয় দ্বিগুণ বা তিনগুণ হয়ে যায়। তদুপরি বিমানবন্দর একটি অতিকায় প্রকল্প। ফলে নির্মাণে দীর্ঘ সময় (সাধারণভাবে প্রায় এক দশকের ওপর), মাটি ভরাট ও পাইলিং ওয়ার্কস্, বিরাজমান দুর্বল প্রশাসনিক ব্যবস্থা, অর্থ সংস্থানে মন্থরতা, আইনি জটিলতা, পুনর্বাসনের দীর্ঘসূত্রতা, টেন্ডারে জটিলতাসহ নানাবিধ সমস্যায় আবদ্ধ হয়ে পড়ে বলে প্রাক্কলিত ব্যয় নিদেনপক্ষে কয়েকগুণ হয়ে যায়।

১৪. বর্তমান বিমানবন্দরের ক্ষমতাধারণ : জমির পরিমাণ ২০০০ একর এবং রানওয়ের দৈর্ঘ্য ১০৫০০ ফুটসহ রয়েছে পরিমিত ফেসিলিটিজের প্রয়োজনীয় ব্যবস্থা। নিম্নে একটি সমীক্ষার পরিসংখ্যান তুলে ধরা হলো :

ক) আন্তর্জাতিক রুটে বিমান মুভমেন্টের সংখ্যা :
বছর ২০১০ ২০১৫ ২০২০ ২০২৫
ফ্লাইট ২৫০০০ ৩২০০০ ৪২০০০ ৫৭০০০

খ) পিক আওয়ারে (ব্যস্ত সময়ে প্রতি ঘণ্টা) বিমান মুভমেন্ট ও যাত্রী সংখ্যা
বছর ২০১০ ২০১৫ ২০২০ ২০২৫
ফ্লাইট ১০ ১৪ ২০ ২৯
যাত্রী ১৫০০ ২২০০ ৩২০০ ৪৮০০

গ) পরিসংখ্যানে প্রতীয়মান হয় যে, আগামী ২০ বছরে যাত্রীসংখ্যা তিনগুণ হতে পারে। বর্তমান ফ্যাসিলিটিজ এবং রানওয়ে দিয়ে ২০৩০ পর্যন্ত চলবে। তবে কিছু আধুনিকায়ন, উন্নয়ন ও প্রশিক্ষণের প্রয়োজন হবে।

ঘ) ধারণক্ষমতা আরও কিছুটা বৃদ্ধি করা যেতে পারে। যেমন—
ট্যাক্সিওয়েকে দ্বিতীয় রানওয়েতে পরিবর্তন করা (পরীক্ষা সাপেক্ষে) নতুবা রানওয়ের পশ্চিম দিকে কিছু কিছু স্থাপনার যুক্তিসঙ্গত পুনঃস্থাপনে একটি দ্বিতীয় রানওয়ে নির্মাণ করা যেতে পারে। বর্তমান রানওয়ের লাইটিং সিস্টেম, অ্যান্টিফগ লাইটিং সিস্টেম স্থাপন, A.T.C’র আধুনিকায়ন, হাইটেক যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা নিলে ধারণক্ষমতা বেশ বৃদ্ধি পাবে।

১৫. বিকল্প ব্যবস্থা : অত্যন্ত ব্যয়বহুল, সময়সাপেক্ষ ও অতিকায় অবকাঠামো স্থাপনের সিদ্ধান্তের আগে উপরোক্ত তথ্য-উপাত্তের আলোকে আরও কী কী বিকল্প ব্যবস্থা রয়েছে তার একটি পূর্ণ পরীক্ষা ও সমীক্ষা, মূল্যায়নসহ সঠিকভাবে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেয়া দরকার।

ক) জনবসতি কম, উঁচু জায়গায় রানওয়ে এবং দূরত্বের নাগালে বনাঞ্চলের জায়গার কথা পরীক্ষা করে দেখা যেতে পারে।

খ) আমাদের বিমান বাহিনীকে অবশ্যই আধুনিকায়ন করা অতি জরুরি। হাইটেক বিমান ও যন্ত্রপাতি, তেমনি প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ এবং একটি খোলামেলা ও জাতীয় নিরাপত্তার কথা স্মরণ রেখে স্থান নির্ধারণ করা যেতে পারে। সেই পরিস্থিতিতে বর্তমান রানওয়ের পশ্চিম দিকেও বিমান বাহিনীর স্থাপনা যথাযথ জায়গায় সরিয়ে নিয়ে একটি নতুন আধুনিক বিমানবন্দর নির্মাণ করা যেতে পারে, অনেকটা দুবাই বিমানবন্দরের আদলে। বর্তমান বিমানবন্দর অভ্যন্তরীণ ও আঞ্চলিক ফ্লাইট পরিচালনা করবে। পশ্চিম দিকে স্থাপ্য নতুন বিমানবন্দর, পশ্চিম দিকের স্থাপ্য রানওয়ের মাধ্যমে সব আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে। নির্মাণ সময় লাগবে কম, খরচ কম এবং সুবিধা বেশি। তবে বিষয়টির ওপর বিস্তর পরীক্ষা নিরীক্ষা করার পরই এরূপ সিদ্ধান্ত নেয়া যেতে পারে। পক্ষান্তরে প্রাক্কলিত ব্যয়ের বৃহদাংশই সাশ্রয় হবে, যার একাংশ দিয়ে গোটা বিমান বাহিনীকে অতি আধুনিকায়ন করা সম্ভব হবে। যা অতি আবশ্যক ও গুরুত্বপূর্ণ। শোনা যায়, আমাদেরই এক প্রতিবেশী প্রায় দেড় ডজন এ্যারোড্রাম দু’দেশের সীমানার কাছাকাছি নির্মাণ করে রেখেছে।

১৬. আসুন, সবাই মিলে সরকারকে আড়িয়ল বিলে বিমানবন্দর ও উপশহর নির্মাণের বিষয়টি পুনর্বিবেচনা করে এ উদ্যোগ বাতিল করার জন্য সবিনয় অনুরোধ জানাই। এ বিষয়ে জনমত যেন উপেক্ষিত না হয়। আসুন আমরা জণগণের অনুভূতির মূল্যায়ন করি ও আঘাত না হানি। আমরা যেন রাজনৈতিক অনুপ্রাণন, উত্তেজনা ও আবেগের কাছে পরাজিত না হই।

আর্থ-সামাজিক পরিবেশের আলোকে ব্রতী হয়ে জণগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করি। জণগণই যে সব শক্তির উত্স।

পরিশেষে, এক রাজা ও তার অদৃশ্যমান পোশাকের গল্প দিয়ে শেষ করছি। মূকাভিনয় করে মাস্টার দরজি যখন অদৃশ্যমান পোশাক রাজাকে পরিয়ে দিল তখন পারিষদবর্গ সবাই প্রশংসায় পঞ্চমুখ। সত্য কথা বলার সাহস নেই। হঠাত্ এক ছোট্ট বালক চিত্কার করে বলে দিল, রাজা যে ন্যাংটা।

আমাদের এখন এরূপ একটি বালক দরকার, যে সরকারকে সেই অমোঘ সত্য কথাটি বলে দিতে পারে।

লেখক : সাবেক প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

[ad#bottom]

One Response

Write a Comment»
  1. লেখাটি অনবদ্য।
    ভালো লেগেছে।

Leave a Reply