খাদ্যদ্রব্যে নিষিদ্ধ রাসায়নিক পদার্থ ব্যবহার করায় এবার বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের মালিক অনিক ঘোষ ও ব্যবস্থাপক বাসুদেব ঘোষকে কারাদণ্ড দিয়েছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কলাবাগানের মিরপুর রোডে ওই মিষ্টান্ন ভান্ডারের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে এ কারাদণ্ড দেওয়া হয়।
সেখান থেকে আদালত প্রতিষ্ঠানটির কারখানায় যান। আদালত কারখানার বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। মিষ্টি তৈরির স্থানে দেখা যায়, এক পাশে টাইলস করা হলেও অপর পাশে করা হয়নি। মেঝে ছিল স্যাঁতসেঁতে, ভেজা ও কিছুটা অপরিচ্ছন্ন।
অপর একটি কক্ষে দেখা যায়, চারজন শ্রমিক ছানা দিয়ে মিষ্টি তৈরির কাজ করছিলেন। তাঁরা ছানার সঙ্গে নিষিদ্ধ খাবার সোডা ব্যবহার করছিলেন। এগুলো রুটি, বিস্কুট ও কেক তৈরিতে নির্দিষ্ট পরিমাণে ব্যবহারের নিয়ম থাকলেও মিষ্টি তৈরিতে তা ব্যবহার করা হচ্ছিল। প্রতি কেজি ছানার মধ্যে তিন আঙুলের এক চিমটি খাবার সোডা ব্যবহার করা হয় বলে সেখানে কর্মরত ব্যক্তিরা জানান।
রাজধানীর কলাবাগানে গতকাল বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে ছানা পরীক্ষা করে দেখেন ভ্রাম্যমাণ আদালত
এরপর আদালত অপর একটি কক্ষে ঢোকেন। সেখানে তিনজন শ্রমিক সন্দেশ তৈরির কাজ করছিলেন। ওই কক্ষের একটি কৌটায় ফিটকিরি পাওয়া যায়। দুধ থেকে ছানা তৈরি করতে ফিটকিরি ব্যবহার করা হয় বলে কর্মচারীরা জানান।
বিএসটিআইয়ের কর্মকর্তারা জানান, বিশুদ্ধ খাদ্য আইনের ধারা অনুযায়ী খাবার তৈরিতে কোনো ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা যাবে না। ফিটকিরি কিংবা খাবার সোডা প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণ ব্যবহার করা হলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলো রক্তের মধ্যে ঢুকে পড়ে।
বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে অভিযানের সময় বিএসটিআইয়ের কর্মকর্তারা সেখানকার তৈরি দই ও ঘির ওজন পরীক্ষা করেন। তাঁরা প্রতি কেজি দইয়ে ১৪০ থেকে ১৫০ গ্রাম ওজনে কম দেওয়ার প্রমাণ পান। আর প্রতি কেজি ঘিয়ে কম পাওয়া যায় ৭০ গ্রাম এবং ৫০০ গ্রাম ঘিয়ে ৫০ গ্রাম কম দেওয়ার প্রমাণ পান।
বিএসটিআইয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন, ওই প্রতিষ্ঠানে দৈনিক ২০০ কেজি দই তৈরি হয়। প্রতি কেজি দইয়ে ১৫০ গ্রাম ওজনে কম দেওয়া হলে বছরে অর্থাৎ ৩৬৫ দিনে কম দেওয়া হচ্ছে ১০ হাজার ৯৫০ কেজি। প্রতি কেজি দইয়ের দাম ১৭০ টাকা। এ হিসেবে বছরে ১৮ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা অবৈধভাবে আয় করছে। এ ছাড়া প্রতি কেজি ঘির দাম ৮০০ টাকা। প্রতি কেজি ঘিয়ে ৭০ গ্রাম কম দেওয়া হলে বছরে এক লাখ ৪৪ হাজার টাকা অবৈধ উপায়ে আয় করছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন সাংবাদিকদের বলেন, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার ছানা তৈরিতে ফিটকিরি ব্যবহার করে আসছিল। ছানায় সোডিয়াম বাই-কার্বনেট ব্যবহার করায় কারখানার মালিককে বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশের ৬-এর এ ধারা অনুযায়ী দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই কারণে কারখানার ব্যবস্থাপককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জরিমানা না দেওয়ায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
ব্যবস্থাপক বাসুদেব ঘোষ অপরাধ স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমরা অপরাধ করেছি, এ কারণে আদালত আমাদের শাস্তি দিয়েছে।’
[ad#bottom]

Leave a Reply