নাগরিকের ‘রক্তকরবী’র নতুন নন্দিনী

নাগরিক নাট্যসম্প্রদায় রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকটি মঞ্চে আনে ২০০১ সালে। শুরু থেকেই অন্যতম গুরুত্বপূর্ণ নন্দিনীর চরিত্রে অভিনয় করেন অপি করিম। এ নাটকের ৯১টি প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। সম্প্রতি উচ্চতর পড়াশোনার জন্য জার্মানি যান অপি। এবার তাঁকে একটু বেশি সময় জার্মানিতে থাকতে হবে। তাই রক্তকরবীর নিয়মিত প্রদর্শনী অব্যাহত রাখার জন্য এবার নন্দিনী চরিত্রে নেওয়া হলো নায়লা তারান্নুমকে। জানা গেছে, নায়লা তারান্নুমকে নিয়ে এখন নাটকটির নিয়মিত মহড়া হচ্ছে।

নাটকটির নির্দেশনা দিচ্ছেন আতাউর রহমান। ‘নন্দিনী’ চরিত্রের পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘পড়াশোনার জন্য অপি জার্মানিতে ব্যস্ত থাকায় আমরা এই পরিবর্তন এনেছি। আমরা খুব কাছাকাছি সময়ের মধ্যে নাটকটির শততম প্রদর্শনী করতে চাচ্ছি। দেশে ফিরে আসার পর অপি যদি নন্দিনী চরিত্রে অভিনয়ে আগ্রহী হন, অবশ্যই করতে পারবেন।’
নায়লা তারান্নুম

আগামী ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নাটকটির ৯২তম প্রদর্শনী হবে। ওই দিন নন্দিনী চরিত্রে অভিনয় করবেন নায়লা তারান্নুম।

নায়লা তারান্নুম বলেন, ‘এটি আমার স্বপ্নের চরিত্র। কণ্ঠশীলনে খালেদ খান আমাকে দিয়ে একবার নন্দিনী চরিত্রটি করিয়েছিলেন। নাগরিক এবার আমার স্বপ্ন পূরণ করেছে।’

[ad#bottom]

Leave a Reply