দু’টি স্বপ্নের মৃত্যু

অকালেই ঝরে গেল দু’টি তাজা প্রাণ। এরই সঙ্গে অপমৃত্যু হলো দু’টি স্বপ্নের। দু’জনই রাজধানীর তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। একজন এইচ এম কামরুজ্জামান মিরাজ (২৫)। অন্যজন লিপি আক্তার (২৪)। তারা খুব ভাল বন্ধু। মারা গেলেন এক সঙ্গে। তাদের অকাল মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। গতকাল মেডিকেলে গিয়ে দেখা যায় হৃদয়বিদারক এ দৃশ্য। স্বজনদের সঙ্গে কান্নায় ভেঙে পড়ছে বন্ধু-বান্ধবরা। সংজ্ঞা হারিয়ে ফেলছে সহপাঠীদের কেউ কেউ। অসুস্থ হয়ে শ্রাবণী, ওয়াহিদসহ তাদের কয়েক সহপাঠী ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ২ ভাইয়ের একমাত্র বোন লিপি। ৩ ভাইবোনের মধ্যে লিপি সবার বড়। তাকে নিয়ে অনেক আশা-আকাঙ্ক্ষা ছিল বাবা-মা’র। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও ঠিক করে রেখেছিলেন তার ব্যবসায়ী পিতা আনসারুল হক। মাস্টার্স পরীক্ষা দেয়ার পরই লিপি’র চাকরিতে যোগদান করার কথা। লিপি তার বাবা-মাকে অনেক স্বপ্ন দেখাতো। তার কোন স্বপ্নই পূরণ হলো না। বোনকে হারিয়ে বাকরুদ্ধ ভাই সজীব। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছিলেন না সজীব। চোখের পানি মুচছিলেন আর বলছিলেন আমি কি আর আপুকে ডাকতে পারবো না?

আর কোন কথাই বের হচ্ছিল না তার মুখ দিয়ে। অধিক শোকে যেন সজীব পাথর হয়ে পড়েছে। তার পাশে দাঁড়িয়ে থাকা লিপির বন্ধু মাহমুদ হাসান অপু জানান, লিপির গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে। গতকালই লাশ বাউফলের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। অপু জানান, অনার্স পরীক্ষায় ভাল রেজাল্ট করেছিল লিপি। দেশের জন্য ভাল কিছু করার ইচ্ছা ছিল তার। বন্ধু-বান্ধবদের সবার সঙ্গেই ছিল তার সুসম্পর্ক। মিরাজের বড় ভাই হাসানুজ্জামান তার ছোট ভাইকে হারিয়ে পাগলপ্রায়। মর্গের সামনে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছিলেন হাসান। তিনি জানান, আমার বলার কিছু নেই। কেবল একটি প্রশ্ন- সড়ক দুর্ঘটনায় এভাবে আর কতদিন মৃত্যু ঘটবে মানুষের সোনালী স্বপ্নের? তার জিজ্ঞাসা- এভাবে রাস্তায় মানুষ হত্যা কি আর বন্ধ হবে না? তিনি জানান, আজই (গতকাল) মিরাজের লাশ দাফনের জন্য গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে? হাসানের পাশে থাকা নিহত মিরাজের বন্ধু সুমন জানান, শুক্রবার সন্ধ্যার পর আমাদের বন্ধু ওয়াহিদের বোনের বিয়েতে ধানমন্ডির একটি রেস্টুরেন্টে এসেছিলেন মিরাজ-লিপিসহ অনেক বন্ধু-বান্ধব। রাত ১০টার পর রেস্টুরেন্ট থেকে বের হয়ে মোটরসাইকেল দিয়ে

লিপিকে উত্তরার বাসায় পৌঁছে দিতে যাচ্ছিল। ৩ ভাইয়ের মধ্যে মিরাজই ছিল তার পরিবারের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। ভাল ছাত্র ছিল মিরাজ। ছিল পরিবারের সবার আদরের। পড়ালেখার পাশাপাশি একটি এনজিও-তে চাকরিও নিয়েছিল মিরাজ। ধানমণ্ডি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলটি রাসেল স্কোয়ারে পৌঁছলে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মিরাজ ও লিপি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মিরাজের ভাই হাসানুজ্জামান বাদী হয়ে শুক্রবার রাতেই ধানমণ্ডি থানায় একটি মামলা করেছেন। মামলা নম্বর ৬। ট্রাকচালক আব্দুল হান্নান ও হেলপার আনোয়ার হোসেনকে আসামি করা হয়েছে। টিএসআই এবি সিদ্দিককে এর তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। টিএসআই এবি সিদ্দিক জানান, ড্রাইভার হান্নান পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে শুক্রবার রাতেই হেলপার আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে ঘাতক ট্রাকটি (নম্বর-ঢাকা মেট্রো-ট-১৪-৯৮০৩)। নিহত মিরাজের বাসা মেরুল বাড্ডার ৮ নম্বর রোডে। লিপি’র বাসা উত্তরার ৯ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডে।

মানবজমিন

One Response

Write a Comment»
  1. খুব ই কষ্ট পেলাম, সুন্দর দুটি তরতাজা প্রাণ কেড়ে নিল, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আর কত, এইভাবে প্রাণ ঝরে যাবে?

Leave a Reply