প্রসঙ্গ পদ্মা সেতু: আকস্মিক সফরে বিশ্বব্যাংক কর্মকর্তা

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে সৃষ্ট জটিলতার মধ্যে আকস্মিক সফরে ঢাকা আসছেন সংস্থাটির দক্ষিণ এশীয় অঞ্চলের নির্বাহী পরিচালক এমএন প্রসাদ। বৃহস্পতিবার সকালে তিনি ঢাকায় পৌঁছবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার সন্ধ্যায় জানান অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্যারের [অর্থমন্ত্রী] হেয়ার রোডের বাসায় বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকের সঙ্গে বৈঠক হবে। বৈঠকে সম্ভবত পদ্মা সেতু নিয়ে আলোচনা হবে। বৈঠকের পর অর্থমন্ত্রী পদ্মা সেতুর সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের এক কর্মকর্তাও সংস্থাটির দক্ষিণ এশীয় অঞ্চলের নির্বাহী পরিচালকের ঢাকা সফর প্রসঙ্গে ইতিবাচক মন্তব্য করেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সন্ধ্যা পর্যন্ত বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক ঢাকায় আসেননি। বৃহস্পতিবার সকালে আসতে পারেন। দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক তাদের অর্থায়ন স্থগিত করার পর অর্থমন্ত্রী মুহিত বারবার বলে আসছেন, খুব শিগগিরই সৃষ্ট জটিলতার সমাধান হবে।

Leave a Reply