আবদুর রহমান বয়াতির শারীরিক অবস্থার অবনতি

অসুস্থ আবদুর রহমান বয়াতির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শ্বাসকষ্ট ও শরীরে পানি শূন্যতা দেখা দেয়ায় ১লা নভেম্বর দুপুরে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয় এ শিল্পীকে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এক রাত রাখার পরই ২রা নভেম্বর দুপুরে বাড়ি পাঠিয়ে দিয়েছে তাকে। এতে করে বর্তমানে এ বয়াতির পরিবারের সদস্যরা খুবই বিচলিত হয়ে পড়েছেন বলেই জানা গেছে। এ প্রসঙ্গে রহমান বয়াতির ছেলে আলম বয়াতি জানিয়েছেন, আমরা এ মুহূর্তে ঠিক বুঝতে পারছি না এ অসুস্থ মানুষটির জন্য কি করা উচিত। মঙ্গলবার আব্বাকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতে চিকিৎসকরা বেশ কিছু পরীক্ষা করেন। এরপরেই সেখান থেকে বলে দেয়া হয়েছে, ঈদের ছুটি পর্যন্ত বাড়িতে রেখেই সেবা করার জন্য। ঈদের পরে আবারও তাকে হাসপাতালে ভর্তি নেয়া হবে বলেই জানিয়েছেন তারা। আলম বয়াতি আরও জানিয়েছেন, আব্বা এখন চোখে কিছুই দেখেন না। তার শ্বাসকষ্টও আছে। এর মধ্যে নতুন করে পানিশূন্যতা দেখা দিয়েছে। ডাক্তাররা তাকে নল লাগিয়ে খাওয়ানোর কথা বলার পর থেকে এখন খুবই সামান্য পরিমাণে মুখ দিয়েই খাচ্ছেন। তবে আমাদের অসচ্ছল পরিবারের পক্ষে তার ওষুধ-পথ্য জোগাড় করা অসম্ভব হয়ে গেছে। আমাদের এখন দিশাহারা হওয়ার মতো অবস্থা। সত্যি বলতে কি, মানুষের সহযোগিতা ছাড়া আব্বার চিকিৎসা চালিয়ে নেয়াও কঠিন হয়ে পড়েছে।

মানবজমিন

Leave a Reply