ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার পৃথক দুটি স্থানে গতকাল সকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় সরকারি কর্মকর্তাসহ শতাধিক যাত্রী আহত হয়েছেন। এসময় সরকারি পাজেরো জিপসহ ১২টি গাড়ি দুমড়েমুচড়ে গেলে মহাসড়কে ৪০ মিনিট যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রচণ্ড ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। জানা গেছে, বাখরাবাদ গ্যাস কোম্পানির জিএম আব্দুস সালামকে বহনকারী কুমিল্লাগামী পাজেরো জিপ মহাসড়কের গজারিয়া উপজেলার বাউশিয়া নামক স্থানে পৌঁছলে কুয়াশার কারণে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে পাজেরো জিপটি দুমড়ে মুচড়ে গেলে জিএম আহত হন। এছাড়া একই সড়কের আনারপুড়া নামক স্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে পড়লে কুয়াশার কারণে অপর একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এসময় পরপর ১১টি বিভিন্ন যানবাহন পেছন থেকে একের পর এক ধাক্কা খেয়ে প্রতিটি গাড়িই দুমড়েমুচড়ে যায়। এতে শতাধিক যাত্রী আহত হন এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ জানায়, খবর পেয়ে হাইড্রোলিক রেকার দিয়ে বিকল বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
আমাদের সময়

Leave a Reply