মুন্সীগঞ্জের গজারিয়ায় গত ১৩ মার্চের ভয়াবহ লঞ্চডুবির ঘটনার জন্য দায়ী করা হয়েছে সিটি গ্রুপের মালিক ফজলুর রহমানকে।এই লঞ্চডুবিতে বহু মানুষের মর্মান্তিক মৃত্যু হয় এবং বহু যাত্রী নিখোঁজ হন। একই সঙ্গে এ দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে লঞ্চে আঘাতকারী কার্গো জাহাজের চালক ও সুকানিসহ ১২ জন কর্মীকে। ক্ষতিগ্রস্ত লঞ্চের মালিক লুৎফর রহমান চৌধুরীর বিরুদ্ধে এরই মধ্যে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ে লঞ্চ দুর্ঘটনার বিষয়ে গঠিত তিনটি তদন্ত কমিটির পৃথক পৃথক প্রতিবেদনের ভিত্তিতে তৈরি করা সমন্বিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এ বিষয়ে বিস্তারিত জানান।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে করা তিনটি তদন্ত কমিটির ওই সমন্বিত তদন্ত প্রতিবেদনে ক্ষতিগ্রস্ত লঞ্চ এবং ওই লঞ্চকে আঘাতকারী মালবাহী জাহাজের মালিককে দায়ী করে তদন্ত কমিটি বলেছে, “তারা আইন অমান্য করে অদক্ষ চালক দিয়ে নৌ-যান চালানোর কারণেই ওই দুর্ঘটনা ঘটে।“
উল্লেখ্য, এ লঞ্চ দুর্ঘটনায় ১৪৭ জন যাত্রী মারা যান। পরবর্তী সময়ে দুর্ঘনার কারণ অনুসন্ধান ও দায়ীদের চিহ্নিত করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাইতুল আমিন ভূঁইয়ার নেতৃত্বে একটি এবং বিআইডব্লিউটিএ ও সমুদ্র পরিবহন অধিদফতরের অধীনে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। সর্বশেষ বাইতুল আমিন ভূঁইয়ার নেতৃত্বে তিনটি প্রতিবেদন থেকে একটি সমন্বিত প্রতিবেদন তৈরি করা হয়। তদন্ত প্রতিবেদনে নৌ দুর্ঘটনা প্রতিরোধে ২৪ দফা সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ মার্চ গভীর রাতে গজারিয়ায় দেশের প্রভাবশালী খাদ্য-শস্য ও ভোজ্য তেল আমদানিকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপের নিজস্ব মালামাল পরিবহনের কাজে নিয়োজিত ‘সিটি-১’ নামের কার্গো জাহাজের ধাক্কায় ‘শরীয়তপুর-১’ নামের যাত্রীবাহী লঞ্চটি ডুবে গেলে নারী-শিশু-বৃদ্ধ ১৪৭ জনের প্রাণহানি ঘটে।
১৭ এপ্রিল মুন্সীগঞ্জের লঞ্চ দুর্ঘটনার জন্য দায়ী ‘সিটি-১’ নামের কার্গো জাহাজটিকে চাঁদপুরে আটক করে জাহাজের ১২ কর্মীকে পুলিশে সোপর্দ করে কোস্টগার্ড।
সংবাদ সম্মেলনে নৌ-পরিবহনমন্ত্রী জানান, দুর্ঘটনার জন্য ‘এমভি সিটি-১’ কার্গো জাহাজের চালকসহ ১২ জন কর্মী এবং ক্ষতিগ্রস্ত জাহাজের মালিক লুৎফর রহমান চৌধুরীর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।
নৌ দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তির প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বর্তমান আইনে এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। আইন পরিবর্তন না হওয়া পর্যন্ত এর বেশি শাস্তি দেওয়া সম্ভব নয়। এজন্য তবে এক্ষেত্রে আইনের পরিবর্তন অত্যন্ত জরুরি।“
তদন্ত কমিটির এক সদস্য বাংলানিউজকে জানান, “দুর্ঘটনার পরই জাহাজটি পালিয়ে যায়। সিটি গ্রুপের মালিক ফজলুর রহমান দুর্ঘটনার কথা কার্গোর কর্মচারীদের চেপে যেতে বলেন। এরপর থেকে কার্গো জাহাজটি নারায়ণগঞ্জের রূপগঞ্জস্থ সিটির একটি জেটিতে অবস্থান নেয়।“
সিটি-১ আটক অভিযানে অংশ নেওয়া কোস্টগার্ড কর্মকর্তা সফিউল আলম জানান, “চাঁদপুর সদরের রাজ রাজেশ্বরের কাছে মেঘনা নদী থেকে এমভি সিটি-১ নামের কার্গো জাহাজটিকে আটক করা হয়। দুর্ঘটনার পর এই প্রথম জাহাজটি সিটি গ্রুপের নিজস্ব আমদানি করা পণ্য আনতে চট্টগ্রামের বহির্নোঙ্গরে যাচ্ছিল।“
অন্যদিকে দুর্ঘটনা কবলিত লঞ্চটি ওই দিন শরীয়তপুরের সুরেশ্বর থেকে ঢাকা যাচ্ছিল।
এদিকে মঙ্গলবার সিটি-১ কার্গোটিকে আটক করার সময় তাতে ১২ জন শ্রমিক ছিলেন। তবে এতে কোনো মালামাল ছিল না।
আটককৃতরা হলেন- মাস্টার শহিদুল ইসলাম (৫৪), চালক আমির হোসেন (৪২), সুকানি রফিকুল ইসলাম (৩৫), জাফর (২৭), শহীদ (২৫), বাবুল হোসেন (২৮), নিয়ামত (১৯), সানোয়ার হোসেন (৩২), ইউসুফ (১৯), নুরুজ্জামান (২৮), মোবারক আলী (২২) ও মনির হোসেন (৩২)।
আটককৃতরা ওই সময় কোস্টগার্ডকে বলেন, এমভি সিটি-১ নামের এই কার্গো জাহাজের মালিক সিটি গ্রুপের সত্ত্বাধিকারী ফজলুর রহমান। সিটি-১ কার্গোর রেজিস্ট্রেশনে এর ঠিকানা হিসেবে ব্যবহৃত হয়েছে রাজধানীর গেণ্ডারিয়ার সিটি গ্রুপের কার্যালয় এবং স্থায়ী ঠিকানা হিসেবে দেখানো হয়েছে ফজলুর রহমানের গেণ্ডারিয়ার বাড়ির ঠিকানা।
লঞ্চ দুর্ঘটনার পর কার্গোটি পালিয়ে গেলে সিটির মালিক ফজলুর রহমান জাহাজের কর্মচারীদের চেপে যেতে বলেন বলেও আটককৃত কর্মচারীরা কোস্টগার্ডকে জানান।
তদন্ত প্রতিবেদনে আরো বলা হয়েছে, ওই রাতে এমভি শরীয়তপুর-১ লঞ্চে ১৬০ থেকে ১৭০ জন যাত্রী এবং লঞ্চের ডেকে প্রায় ২০০ বস্তা মরিচ ছিল। এ কারণে যাত্রীরা ডেক ছেড়ে ছাদে অবস্থান নেন। ওই অবস্থার মধ্যেই লঞ্চের চালক বেপরোয়াভাবে নৌ-যানটি চালাচ্ছিলেন।
এছাড়া সরকারি আদেশ লঙ্ঘন করে রাতে চলাচলকারী মালবাহী জাহাজ সিটি-১ এর চালকও বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন বলে মনে করেছে তদন্ত কমিটি। ওই জাহাজের আঘাতের পর পরই লঞ্চটি ডুবে যায়। আদেশ অমান্য করে রাতে জাহাজ চালানোর দায় মালিক ফজলুর রহমানকে নিতে হবে বলেও কমিটির এক সদস্য বাংলানিউজকে জানান।
তবে নৌ-বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দায়ীদের বিরুদ্ধে মামলা চলাকালীন যদি প্রমাণিত হয় যে, তাদের স্বেচ্ছাচারি বেপরোয়া মনোভাব ও চরম গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটেছে, তাহলে তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা হতে পারে এবং সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।
উল্লেখ্য, ১৯৯১ থেকে গত ২০ বছরে দেশে নৌ-দুর্ঘটনার জন্য ৩৮৭টি মামলা হয়েছে। এর মধ্যে ৩৫০টি মামলার নিষ্পত্তি হয়েছে। প্রচলিত আইন অনুযায়ী দোষীদের সর্বোচ্চ নয় বছরের কারাদণ্ড এবং বিভিন্ন অংকের জরিমানা করা হয়েছে এসব মামলায়। সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণও আদায় করা হয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply