মাঝারি শহর উন্নয়ন প্রকল্পের আওতায়
মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জ পৌরসভার মাঝারি শহর উন্নয়ন প্রকল্পের তৃতীয় ধাপের ২৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া অনেকটা অনিশ্চত হয়ে পড়েছে। চলতি বছরের জুন মাসের আগে এ প্রকল্পের টার্গেট পূরণে ব্যর্থ হলে এ টাকা প্রাপ্তি থেকে বঞ্চিত হবে মুন্সীগঞ্জ পৌরসভা। এই নিয়ে মঙ্গলবার দুপুরে পৌরসভার সভাকক্ষে নগর সমন্বয় কমিটির (টিএলসিসির’র) সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র একেএম ইরাদত মানু, প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, সচিব একেএম বজলুর রশীদ, প্রকল্প উপ-পরিচালক মহিরুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী আখতার হায়দার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, টিএলসিসির সদস্য মাহাবুবুর রহমানসহ পৌরসভার কাউন্সিলররা। মুন্সীগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর হোল্ডিং ট্যাক্স এ পর্যন্ত মাত্র ৫০ শতাংশ আদায় করা গেছে। প্রকল্পের নির্ধারিত অন্যান্য টার্গেট পূরণ করা সম্ভবপর হলেও প্রধান সমস্যা হচ্ছে ৮০ ভাগ হোল্ডিং ট্যাক্স আদায় করা। চলতি বছরের জুন মাসের মধ্যে বাকি ৩০ শতাংশ হোল্ডিং টেক্স আদায় করা অনেকটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্স প্রায় ৭২ লাখ টাকা অনাদায়ি রয়েছে। এরমধ্যে সরকারি প্রতিষ্ঠানের অনাদায়ি সিংহভাগ ট্যাক্স প্রায় ৪০ লাখ টাকা এবং বেসরকারি বা ব্যক্তিগত প্রতিষ্ঠানে প্রায় ৩২ লাখ টাকা। পৌর কর খেলাপীদের বিরুদ্ধে অবিলম্বে যথাযত ব্যবস্থা না নিলে টার্গেট পূরণ করা সম্ভব নয় বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন।
পৌর এলাকায় সরকারি ৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য কর খেলাপী হচ্ছে জেলা প্রশাসকের আওতায় ২৫ টি হোল্ডিংয়ের বিপরীতে আনাদায়ী কর রয়েছে ২ লাখ ৯ হাজার ৭০৯ টাকা, জেলা শিল্পকলা একাডেমির কাছে মুন্সীগঞ্জ পৌরসভার পাওনা ৪ লাখ ৬৬ হাজার ২০০ টাকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাওনা ৭১ হাজার ৭৭৬ টাকা, গণপূর্ত বিভাগের ১৭টি হোল্ডিংয়ের বিপরীতে নির্বাহী প্রকৌশলীর কাছে পাওনা ১১ লাখ ২৯ হাজার ৫৩৫ টাকা, পিটিআইয়ের কাছে পাওনা ৯ লাখ টাকা, সিভিল সার্জন ও সেবা ইনস্টিটিউশনের কাছে পাওনা ৪ লাখ ১৫ হাজার ৭৫২ টাকা, জেলা পরিষদের কাছে পাওনা ২ লাখ ৯৭ হাজার ৩১৮ টাকা, স্টেডিয়াম মার্কেট বাবদ জেলা ক্রীড়া পরিষদের কাছে পাওনা ১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কাছে ৫৩ হাজার ৫৬৮ টাকা।
বেসরকারাী বা প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য কর খেলাপী হচ্ছে মুন্সীগঞ্জ কোল্ড স্টোরেজের মালিকের কাছে পাওনা ৬ লাখ ২ হাজার ১৮১ টাকা, কোহিনূর কোল্ডস্টোরেজের কাছে পাওনা ৬৩ হাজার ৬৩ টাকা, মুন্সীগঞ্জ হাই স্কুল ১ লাখ ৭ হাজার ৬৮৮ টাকা, মোল্লা প্লাজার মালিক আব্দুল কাদির মোল্লার কাছে ৫ লাখ টাকা, বিক্রমপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক- পাওনা ২১ হাজার ৮২৯ টাকা, জব্বার দেওয়ান ১৩ হাজার ২৩০ টাকা। শহর উন্নয়ন প্রকল্পের উপ-পরিচালক মহিরুল ইসলাম খান জানান, আগামী জুন মাসের মধ্যে হোল্ডিং ট্যাক্সের বাকি ৩০% আদায় না হলে অর্থাৎ ৮০ ভাগ পূরণ না হলে মুন্সীগঞ্জ পৌরসভা প্রকল্পের তৃতীয় পর্যায়ে উত্তীর্ণ হতে পারবে না। বিদেশী ডোনাররা এ পৌরসভাকে আর অর্থ বরাদ্দ দেবে না।
এতে এ পৌরসভা কমপক্ষে ৫০ বছরের অর্থ পাওনা থেকে বঞ্চিত হবে। এতে মুন্সীগঞ্জ পৌরসভার উন্নয়ন অনেকটা পিছিয়ে পড়বে। নতুন অনেক পৌরসভা এ অর্থ বরাদ্দ পেতে উগ্রীব হয়ে আছে। এ ব্যাপারে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র একে এম ইরাদত মানু বলেন- ২৫ কোটি টাকা বরাদ্দ পেতে শর্তের অধিকাংশই পুরণ করা হয়েছে। আমরা বেশ আশাবাদী বিশাল অংকের এ টাকা বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে। প্রকল্পের তৃতীয় ধাপে মুন্সীগঞ্জ পৌরসভা পৌঁছতে ব্যর্থ হলে এ শহর মারত্মকভাবে পিছিয়ে পড়বে। তিনি আরো বলেন,আগামী অর্থ-বছর শুরুর আগেই শর্ত মোতাবেক বকেয়া হোল্ডিং কর শতভাগ আদায় করা যাবে।
বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply