২০ মিনিট ধস্তাধস্তির পর মুন্সীগঞ্জ থানার পুলিশ এক ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আটক ডাকাতের নাম ওয়াহিদুর রহমান জাহিদ (৩৫)। শহরের দেওভোগ গ্রামের মৃধা বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে। জাহিদ সদর উপজেলার রামপাল ইউনিয়নের রামশিং গ্রামের প্রয়াত বশির মিয়ার ছেলে। গতকাল দুপুর ১টার দিকে শহরের প্রধান সড়ক মুন্সীগঞ্জ প্রেস ক্লাব সংলগ্ন পৌর মার্কেট এলাকার সড়ক থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সেখানে মুন্সীগঞ্জ থানার এসআই মোশারফ হোসেন ও এএসআই মোশারফ হোসেন তাকে আটক করতে গেলে অন্তত ২০ মিনিট তাদের সঙ্গে ওই ডাকাতের ধস্তাধস্তি হয়।
এ সময় রাস্তার দু’ধারে দোকানিসহ উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে জনতার সহায়তায় ওই ২ পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। সদর থানার সেকেন্ড অফিসার এসআই সুলতান আহমেদ জানান, গ্রেপ্তারকৃত জাহিদের বিরুদ্ধে ডাকাতি, চুরি, দ্রুত বিচার আইনসহ ৫-৬টি মামলা রয়েছে। সে এলাকায় থাকে না। ডাকাত জাহিদ কিছুদিন পর পর বাসা পাল্টিয়ে শহরে বসবাস করে আসছে। আবার কখনও কখনও উধাও হয়ে যায়।
মানবজমিন

Leave a Reply