‘বাবার মতো তোকেও খুন করবো’

মোজাম্মেল হোসেন সজল: জেলার লৌহজংয়ে আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন খান (৫৫) খুন হওয়ার পর ঘাতকদের হুমকিতে আতঙ্কে দিন কাটছে নিহতের পরিবাবের সদস্যদের। মামলার বাদী নিহতের একমাত্র কন্যা ওয়াহিদা খান দিয়া এখন পিতা হত্যা বিচারের জন্য দ্বারে-দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।

ঘাতকরা তাকে তার বাবার মতো গুলি করে হত্যা করার হুমকি দিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। পুলিশের পক্ষ থেকেও ওয়াহিদাকে কোন রকম সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় ভয় ও আতঙ্কে তাকেও পালিয়ে দিন যাপন করতে হচ্ছে।

নিহত মোবারক মেদেনী মণ্ডল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও রেন্ট-এ কারের ব্যবসায়ী ছিলেন। তিনি মারা যাওয়ার ৪ দিন আগে ১৪ই অক্টোবর জীবনের নিরাপত্তা চেয়ে লৌহজং থানায় জিডি করেছিলেন। কিন্ত থানা পুলিশ কোন পদক্ষেপই নেয়নি। এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনীদের গ্রেপ্তার ও বিচার দাবি করে গত ২৯ শে অক্টোবর এলাকাবাসীর উদ্যোগে ঢাকা-মাওয়া মহাসড়কের খানবাড়ি নামক স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে এলাকার শত শত নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠেন লৌহজং সার্কেলের এএসপি সাইফুল ইসলাম।

জানা গেছে, গত ১৮ই অক্টোবর রাত সাড়ে ৮ টার দিকে কাজীরপাগলা গ্রামে ওত পেতে থাকা একদল চিহ্নিত সন্ত্রাসী বাড়ির ঘরের দরজার সামনে মোবারক হোসেনকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন তাকে প্রথমে লৌহজং স্বাস্থ্য কমপ্লেঙে ও পরে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খুনের জন্য স্থানীয়রা সাহাবুদ্দিন খান বাবু ও কামরুলকে দায়ী করছেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করে। ঘটনায় পরদিন ১৯ শে অক্টোবর নিহতের একমাত্র কন্যা বাদী হয়ে ১০ জনকে আসামি করে লৌহজং থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ এ হত্যার অভিযোগে অজ্ঞাতনামা আসামি হিসেবে সুজন,হান্নান ও এজাহার নামীয় রহিম বেপারীকে গ্রেপ্তার করে। অপর এজাহারনামীয় আসামি সাহাবুদ্দিন খান বাবু, মোবাইল কাদির, আবু সাঈদ ও লাভু উচ্চ আদালত থেকে জামিন নেয়। এ মামলায় পলাতক রয়েছে এজাহার নামীয় আসামি কামরুল, ইব্রাহিম, উজ্জল শেখ, নাসিরুল ও লরেন্স।

এদিকে হাইকোর্ট থেকে ৪ আসামি সাহাবুদ্দিন খান বাবু, মোবাইল কাদির, আবু সাঈদ,লাভু ও মুন্সীগঞ্জ আদালত থেকে রহিম বেপারী জামিন পেয়ে এখন মামলার বাদী দিয়া ও তার মা মায়া বেগমকে হুমকি দিয়ে চলেছেন। পরিবারের অভিযোগ পলাতক আসামিদের ধরার ব্যাপারে লৌহজং থানা পুলিশের কোন সহযোগিতাই করছে না। বরং পুলিশ তাদেরও হুমকি দিচ্ছে বলে দিয়া জানিয়েছেন। এ ব্যাপারে দিয়া গত ২৯ শে নভেম্বর মুন্সীগঞ্জের লৌহজং সার্কেলের এএসপি সাইফুল ইসলাম ও মামলার আসামি ও মামলার বর্তমান পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের আইজির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, দিয়ার পিতা স্থানীয় আ’লীগ নেতা আবুল বাসার খানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। ২০০১ সালের ১৭ই অক্টোবর মতিঝিলের স্বণামধন্য ব্যবসায়ী কাজীর পাগলা গ্রামের মাওলানা কাদিরেেক নিজ অফিসে হত্যা করা হয়। ওই হত্যা মামলার প্রত্যক্ষদর্শী ১নং স্বাক্ষী ছিলেন মোবারক হোসেন। পরবর্তীতে দ্রুত বিচার ট্রাইবুনালে আদালত উক্ত হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদন্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ প্রদান করেন । একই খুনীরাই তার বাবাকেও হত্যা করেছে বলে দিয়া অভিযোগ করেন। তবে পূর্ব শত্রুতা ও জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, মামলার তদন্তকাজ চলছে। হত্যার ক্লু-উদ্ধার করা যায়নি। তবে,তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।

জাস্ট নিউজ

========================

বাবার হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করায় মেয়েকে হত্যার হুমকি

লৌহজংয়ে বাবার হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করায় এখন নিজের জীবন বিপন্ন হবার আশঙ্কা করছেন মামলার বাদী ওয়াহিদা আক্তার দিয়া। আসামিরা উচ্চ আদালত হতে আগাম জামিন নিয়ে বেরিয়ে এসে বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি ধমকী দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

মামলার বাদী দিয়া বাংলানিউজকে জানান, মামলা তুলে না নিলে বাবার চেয়েও করুণভাবে তাকে খুন করা হবে বলে আসামিরা হুমকি দিচ্ছে। জামিনে বেরিয়ে এসে পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালানো হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, লৌহজংয়ের কাজির পাগলা গ্রামের রেন্ট-এ-কার ব্যবসায়ী মোবারক হোসেন খানকে গত ১৮ অক্টোবর নিজ বাড়িতে তারই মেয়ে ওয়াহিদা আক্তার দিয়ার সামনে গুলি করে হত্যা করা হয়।

এ ব্যাপারে ১০ জনের নাম উল্লেখ করে দিয়া লৌহজং থানায় হত্যা মামলা দায়ের করেন। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মামলার এফআইআরএ উল্লেখ করা হয়েছে।

২০০১ সালে ঢাকার মতিঝিলে নিজ অফিসে খুন হওয়া অলোচিত শিল্পপতি কাদির হত্যা মামলার ১ নম্বর প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন মোবারক হোসেন খান। এরই জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে মোবারকের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এদিকে মৃত্যুর আগে আসামিরা মোবারককে হত্যার হুমকি দিলে লৌহজং থানায় জিডি করেও তিনি বাঁচতে পারেনি। মামলার প্রধান আসামি শাহাবুদ্দিন খান বাবু ও তার সঙ্গীরা ১৮ আক্টোবর রাত পৌনে ৯টার দিকে মোবারককে দিয়ার সামনে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

মামলার পর পুলিশ মামলার ৩ নম্বর আসামি রহিম বেপারীসহ হান্নান মোল্লা ও সুজন নামে অপর দুই আসামিকে আটক করে জেলহাজতে পাঠায়। হান্নান মোল্লা ১৬৪ ধারায় আদালতে স্বীকারউক্তি মূলক জবানবন্দি দিয়েছে বলে জানা গেছে।

জবানবন্দিতে মতিঝিলের শিল্পপতি কাদের হত্যা মামলার আসামি মোবাইল কাদের ও শাহাবুদ্দিন খান বাবু হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করলেও আসামি শাহাবুদ্দিন খান বাবু, মোবাইল কাদের ও আবু সাইদ নামে ৩ জন আসামি ইতোমধ্যে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এতে মামলার তদন্তকাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন বাদী ওয়াহিদা খান দিয়া।

এছাড়া আসামিরা প্রভাবশালী হওয়ায় টাকার বিনিময়ে পুলিশকে ম্যানেজ করে মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলেও দিয়া অভিযোগ করেছেন। ইতোমধ্যে মামলার প্রধান আসামি শাহাবুদ্দিন খান বাবু বাদী দিয়াকে মামলা তুলে নেওবার জন্য হুমকি-ধমকি দিচ্ছে বলে দিয়া লিখিত অভিযোগ দিয়েছেন।

মামলা তুলে না নিলে দিয়াকে তার বাবার থেকেও ভয়ানক পরিস্থিতিতে খুন করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। এতে দিয়া তার জীবন বিপন্ন হবার আশঙ্কা করছেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে আসমি শাহাবুদ্দিন খান বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করে বাংলানিউজকে বলেন, “হুমকিতো দূরের কথা, মোবারক খান খুন হবার দিন আমি দেশেই ছিলাম না। তাই খুন করার প্রশ্নই ওঠেনা।”

বাবু তার বিরুদ্ধে মামলার করায় দিয়ার বিরুদ্ধে মানহানি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা লৌহজং থানার উপ পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাংলানিউজকে জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। ইতোমধ্যে একজন এজাহারভুক্ত আসমিসহ তিনজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তারা এখন জেলহাজতে রয়েছেন। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

একজন আসামি আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে। তদন্তাধীন থাকায় এর চেয়ে বেশি কিছু তিনি বলতে অপারগতা প্রকাশ করেন। তবে দিয়াকে হুমকি দেওয়ায় তিনি হুমকি দাতার বিরুদ্ধে থানায় জিডি করার পরামর্শ দিয়েছেন এসআই।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply