মুন্সীগঞ্জের সংসদীয় আসন পুনর্বহালের দাবি

মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সোচ্চার মুন্সীগঞ্জের আপামর জনগণ। গত নির্বাচনে মুন্সীগঞ্জের ৪টি আসন থেকে ১টি আসন কমে ৩টি করা হয়। আর ১টি আসন কমে যাওয়ায় বড় দুই দল বিএনপি ও আওয়ামী লীগের নমিনেশনেও বঞ্চিত হয় নেতারা। আর এতে করে প্রার্থী হওয়া নিয়ে বড় দুই দলের প্রার্থীদের মধ্যে ব্যক্তিগত ও দলীয় বিরোধ প্রকট আকার ধারণ করে।

এতোদিন যারা দল থেকে নমিনেশন পেয়ে নির্বাচন করেছেন তারাও ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে আসন কমে যাওয়ায় নমিনেশন পাননি। আসন কমে যাওয়ায় মুন্সীগঞ্জ সদর সাবেক ৪ আসন থেকে ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আবদুল হাই দলীয় নমিনেশন প্রাপ্তি থেকে বঞ্চিত হন। তাকে নমিনেশন দেয়া হয় ঢাকা-৪ আসনে। একই আসন থেকে জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দলীয় নমিনেশন নিয়ে নির্বাচন করে আসছেন।

২০০৮ সালের নির্বাচনে মহিউদ্দিন আত্মগোপনে থাকলে এ আসনে এম ইদ্রিস আলী দলীয় নমিনেশন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হন। আসন কমানোর আগে তিনি সাবেক ৩ আসনের প্রার্থী ছিলেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নমিনেশন নিয়ে মহিউদ্দিন ও এম ইদ্রিস আলী এবং বিএনপি থেকে নমিনেশন নিয়ে সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম ও জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের মধ্যে বিরোধ আরও ভয়াবহ রূপ নেবে। আর আসন বৃদ্ধি হলে তাদের মধ্যে নমিনেশন প্রাপ্তি নিয়ে কোন প্রতিযোগিতা থাকবে না বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

এদিকে, আগামী সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, মুন্সীগঞ্জবাসীর মধ্যে ততই নির্বাচনী আবহাওয়া, উত্তেজনা সৃষ্টি হচ্ছে। এর পাশাপাশি মুন্সীগঞ্জ জেলার চারটি আসন পুনর্বহালের দাবিতে আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে আপামর জনসাধারণ জোর দাবি জানিয়ে মতামত ব্যক্ত করেছেন।


তারা মনে করেন, দলমত নির্বিশেষে মুন্সীগঞ্জবাসী জেলার উন্নয়নে এবং সংসদ সদস্যের সুষ্ঠু দলীয় কর্মকান্ড চালানোর স্বার্থে চারটি আসন পুনর্বহাল করা দরকার।

জেলার ৬টি উপজেলা নিয়ে ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকে ২০০১ সালের নির্বাচন পর্যন্ত জেলার চারটি সংসদীয় আসন ছিল। এর আগে ১৯৭০ সালের প্রাদেশিক নির্বাচনেও জেলার চারটি আসনে নির্বাচন হয়।

হঠাৎ করে ২০০৮ সালের নির্বাচনে আসনের সীমানা পুনর্বিন্যাসে জনসংখ্যারভিত্তিতে আসন বণ্টন করায় ঢাকা জেলায় ৮টি আসন বেড়ে যায়। আর আসন ঠিক রাখতে নির্বাচন কমিশনকে দেশের ১২টি জেলার আসন কমাতে হয়। এর ফলে ৮৪টি আসনের সীমানা ওলট-পালট হয়ে যায়। এ তালিকা থেকে বাদ পড়েনি মুন্সীগঞ্জ জেলাও। আর এতে জেলার সংসদীয় সীমানা বদলে যায়। ২টি উপজেলা নিয়ে একটি সংসদীয় আসন হয়। সীমানা পরিবর্তন হওয়ায় একদিকে যেমন সংসদ সদস্যদের উন্নয়ন কর্মকান্ড তদারকিতে বিঘ্ন ঘটছে, প্রত্যেক উপজেলায় উন্নয়ন বরাদ্দের সুষম বণ্টন ব্যাহত হচ্ছে- তেমনি জেলার উন্নয়ন বরাদ্দ গত ৪ বছরে প্রায় ১০ কোটি টাকা কম এসেছে।

জনসংখার অজুহাতে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এ.টি.এম শামসুল হুদার নির্বাচন কমিশন মুন্সীগঞ্জ থেকে ১টি আসন ছিনিয়ে নিলেও এক হিসাবে দেখা গেছে, দিন দিন জেলার জনসংখা বৃদ্ধি পেয়েছে।

বিভিন্ন সময় আদম শুমারির তথ্য অনুযায়ী দেখা যায়, ২০০৮ সালের নির্বাচনের সময় জেলা জনসংখ্যা ছিল ১২ লাখ ৯৩ হাজার ৯৭২। ২০১১ সালে আদম শুমারির তথ্য অনুযায়ী জেলা জনসংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২ হাজার ৪৪৯। জেলার জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ২ লাখ ৮৪ হাজার ৭৪।

গত ২০০৮ সালের নির্বাচনের সময় মুন্সীগঞ্জ-১ আসনের জনসংখ্যা ছিল ৪ লাখ ৭০ হাজার । বর্তমানে সেখানে দাঁড়িয়েছে ৫ লাখ ৬৯ হাজার, মুন্সীগঞ্জ-২ আসনে ছিল ৩ লাখ ৫৮ হাজার বর্তমানে ৩ লাখ ৭০ হাজার, মুন্সীগঞ্জ-৩ আসনে ছিল ৪ লাখ ৬৫ হাজার বর্তমানে ৫ লাখ ৬৪ হাজার।

এক পরিসংখ্যানে দেখা যায়, ১৯৯৬ সালের নির্বাচনে জেলায় মোট ভোটার ছিল ৫ লাখ ৯৫ হাজার। ২০০১ সালের নির্বাচনে ছিল ৮ লাখ ৪৯ হাজার আর ২০০৮ সালের নির্বাচনে ছিল ৯ লাখ ৩০ হাজার। আসন কমিয়ে আনা যে ঠিক হয়নি সরাসরি স্বীকার না করলেও ২০০৯ সালে মুন্সীগঞ্জে টঙ্গীবাড়িতে নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন স্থাপনের এলাকা পরিদর্শনে এসে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এ.টি.এম শামসুল হুদা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, গ্রাম থেকে মানুষ যেভাবে ঢাকামুখী হচ্ছে তাতে করে গ্রাম এলাকায় আসন থাকবে না। এ জন্য আলোচনা করে আসন বৃদ্ধি করা প্রয়োজন।

এদিকে পরিসংখ্যান ও নির্বাচন অফিসের তথ্যে দেখা গেছে, মুন্সীগঞ্জে জনসংখ্যার তুলনায় ভোটার সংখ্যা বেশি, প্রতি ১০ বছরে প্রায় ৩ লাখ ভোটার বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হিসাবে দেখা গেছে, মুন্সীগঞ্জ ঢাকা শহরের পাশ্ববর্তী জেলা হওয়ায় মুন্সীগঞ্জের জনসংখ্যার একটি বিরাট অংশ চাকরি, ব্যবসা ও শিক্ষার স্বার্থে ঢাকা শহরে বসবাস করছে। ২০১১ সালের আদম শুমারির সময় ঢাকায় বসবাসকারীরা ঢাকার জনসংখ্যা হিসেবে এসেছে। ফলে আদম শুমারির সময় মুন্সীগঞ্জের জনসংখ্যা প্রকৃত জনসংখ্যার চেয়ে কমে গিয়েছে। জনসংখ্যার শুমারির সময় ঢাকায় নিবন্ধিত হলেও ভোটার নিবন্ধনের তারা মুন্সীগঞ্জের ভোটার হয়েছে। এর ফলে আদম শুমারিতে মুন্সীগঞ্জের জনসংখ্যা প্রকৃত সংখ্যার চেয়ে কম হয়েছে।

অভিজ্ঞ মহলের অভিমত, ঢাকা এবং ঢাকার পাশ্ববর্তী জেলাগুলোর সংসদীয় সীমানা শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে না করে ভৌগলিক বিবেচনায় এবং ভোটার সংখ্যার উপর ভিত্তি করে করা প্রয়োজন।

জেলা নির্বাচন অফিসার ফয়সল কাদেরের মতে, একটি আসন বণ্টন করা হয় তিন লাখ ভোটার নিয়ে। তবে, ভৌগোলিক ও প্রশাসনিক কারণে কম বেশি হতে পারে।

জেলা বিএনপির সভাপতি সাবেক উপ-মন্ত্রী মো. আবদুল হাই ও সাধারণ সম্পাদক আলী আজগর মল্লিক রিপন বলেন, মুন্সীগঞ্জে আসন বিন্যাসের ব্যাপারে কেন্দ্র থেকে আমাদের কাছে একটি প্রতিবেদন চেয়েছে। আমরা কেন্দ্রে প্রতিবেদন দাখিল করেছি। এখন জাতীয়ভাবে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই আমাদের সিদ্ধান্ত।

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ বলেন, আগের চারটি আসনে ফিরিয়ে আনা প্রয়োজন। এতে এলাকার উন্নয়ন বাড়বে। চারজন এমপি হলে চারজন আলাদা বরাদ্দ পাবেন। আর বর্তমানে ৩ জন হওয়ায় এলাকার উন্নয়ন কম হচ্ছে।

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু বলেন, ভোটার, জনসংখ্যা বেড়ে যাওয়া ও এলাকার উন্নয়নের স্বার্থে চারটি আসন জরুরি হয়ে পড়েছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেনও একই মত দিয়ে বলেছেন, এখন অবশ্যই চারটি আসন দরকার।

মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ও শহর বিএনপির সভাপতি এ কে এম ইরাদত মানুর মতে, বর্তমানে জেলার ভোটার, জনসংখ্যা অনুপাতে ও এলাকার উন্নয়ন বরাদ্দ বেশি পাওয়ার জন্য চারটি আসন একান্তই প্রয়োজন।

সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মনছুর আহামেদ কালাম বলেন, ভোটার হিসাবে আসন বণ্টন করা হয়েছে। এখন ভোটার বেড়ে থাকলে অবশ্যই চারটি আসন করা দরকার।

মুক্তিযোদ্ধা সংসদের সদর উপজেলা কমান্ডার এমএ কাদের মোল্লা বলেন, উন্নয়নমুলক কাজ থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট দলীয় কোন্দল প্রতিকারের জন্য আসনগুলোর পুনর্বিবেচনা করা প্রয়োজন। একটি আসনটি কমে যাওয়ায় এ জেলার উন্নয়নমূলক প্রকল্পে বরাদ্দও কমে যায়। বৈষম্য সৃষ্টি হয় উন্নয়নমূলক কাজে। এতে বঞ্চিত হচ্ছে জেলাবাসী। তাই আসনগুলোর পুনর্বিবেচনা আশা করে এ জেলার সর্বস্তরের জনগণ।

মুন্সীগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি খালেদা খানম বলেন, যেহেতু এলাকার ভোটার ও জনসংখ্যা বেড়েছে- সেহেতু চারটি আসন দরকার।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হামিদা খাতুন বলেন, এ জেলাকে ছোট করে দেখার কোনো কারণ দেখছি না। আসন কমানো নির্বাচন কমিশনারের ভুল সিদ্ধান্ত ছিল বলে তিনি মনে করেন।

টঙ্গিবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ বলেন, ঢাকা শহরে ১০ লাখ ভোটারের কাছে যেতে যে সময় লাগে এখানে ১ লাখ ভোটারের কাছে যেতে একই সময় ব্যয় হয়। কাজেই আগের চারটি আসনে ফিরিয়ে আনা দরকার।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভুইয়া আফসু’র মতে, আসন বৃদ্ধি করা অতীব জরুরি। আসন বৃদ্ধি করা হলে দলীয় কোন্দলও নিরসন হবে। দলের আরেকজন প্রার্থী হতে পারবেন।

জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাইফুল আলম স্বপন বলেন, জেলাবাসীর সুযোগ সুবিধা-বৃদ্ধি এবং স্থানীয় সংসদ সদস্যের সেবা বৃদ্ধি করার জন্য জেলার চারটি আসন পুনর্বহাল করা সর্বোপরি দরকার।

শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, চারটি আসন পুনর্বহাল করা হলে দলের নমিনেশন প্রার্থীদের মধ্যে কোন্দল নিরসন হবে। এলাকার উন্নয়ন বরাদ্দও বেশি আসবে।

জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান মুকুল বলেন, চারটি আসন হলে সবার জন্যই ভালো হয়।

ফটো সাংবাদিক সুশীল কুমার বলেন, বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির পরীপ্রেক্ষিতে ৪টি আসন না হলে জেলার উন্নয়নে ব্যাঘাত সৃষ্টি হবে।

কবি বেলাল আহমেদ বলেন, ৪টি আসনে পরিপূর্ণতা পাওয়া গেলে জেলার বিভিন্নখাতে বেশি উন্নয়ন আশা করা যায়।

জাস্ট নিউজ

Leave a Reply