মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর দ্বিতীয় পর্বের মেরামত কাজ শুরু হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত সকল যানবাহন বিকল্প সড়ক দিয়ে চলাচল করছে। শনিবার সকাল থেকেই একাধিক বিকল্প সড়ক পথে যানবাহন চলাচল করছে বলে জানা গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর দ্বিতীয় পর্বের স্থায়ী মেরামতের কাজ শনিবার ভোর ৫ টায় শুরু হয়। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ওই দু’টি সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মেঘনা সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মামুন বাংলানিউজকে জানান, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর মেরামত কাজ শুরু হওয়ায় টানা ৬ দিন বিভিন্ন বিকল্প সড়ক পথে যানবাহন চলাচল করবে।
এ সড়কগুলো হচ্ছে, ময়নামতি-সরাইল বিশ্বরোড-ভৈরব-আশুগঞ্জ-নরসিংদী-তারাবো মোড়- ঢাকা সড়ক ও ঢাকা-কাঁচপুর ব্রীজ-তারাবো মোড়-নরসিংদি-ভৈরব-আশুগঞ্জ-সরাইল বিশ্বরোড-ময়নামতি-চট্টগ্রাম সড়ক।
এছাড়া বিকল্প সড়কের ময়নামতি-সরাইল বিশ্বরোডে সকল প্রকার ইজি বাইক, নসিমন, ভটভটি, সিএনজি চালিত অটো বাইকসহ ছোট আকারের সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
অন্যদিকে, বিকল্প সড়কে কুমিল্লার ময়নামতি, হবিগঞ্জের জগদ্বীশপুর, আউসকান্দি ও চট্টগ্রামের সীতাকুন্ড পয়েন্টে অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণের ওয়েস্কেল মেশিন চালু করা হয়েছে।
এছাড়া বিআরটিএ সূত্রে জানিয়েছে, বিকল্প সড়ক গুলোতে বেশ কয়েকটি পয়েন্টে মোটরযান এক্সললোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply