শ্রীনগরে ৪ ছিনতাইকারীকে গনপিটুনি, পুলিশে সোপর্দ

ঢাকা-মাওয়া মহাসড়কে গনহারে ছিনতাইকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ধৃত ৪ ছিনতাইকারীকে গন পিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে ওই ৪ ছিনতাইকারীকে শ্রীনগর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে জেলার শ্রীনগর উপজেলার কেসি রোড সংলগ্ন মহাসড়কের মোড়ে এ ঘটনা ঘটে। ধৃত ছিনতাইকারীরা হলো- শ্রীনগর উপজেলার হাষাড়া গ্রামের আকাশ (১৮), মাসুম (২৫), আলমপুর গ্রামের সানাউল্লাহ (১৮) ও জাহিদুল (২২)।


শ্রীনগর থানার এসআই মোজাম্মেল হোসেন জানান, ১০-১২ জনের একটি ছিনতাইকারী চক্র কেসি রোডের মোড়ে ঢাকা-মাওয়া মহাসড়কে চলাচলরত প্রাইভেটকার, সিএনজি চালিত অটোবাইক ও রিকশা আরোহীদের কাছ থেকে গনহারে ছিনতাই সংঘটিত করছিল। এতে স্থানীয় গ্রামবাসী গন-ছিনতাইয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে ছিনতাইকারীদের পিছু ধাওয়া করে বিক্ষুব্ধ জনতা। এ সময় সহযোগীরা পালিয়ে গেলেও জনতার হাতে ৪ ছিনতাইকারী ধরা পড়ে যায়।

যমুনা নিউজ

Leave a Reply