সিরাজদিখানে ইটভাটার মালিকানা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

ইটভাটার মালিকানা নিয়ে বিরোধের জের ধরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ব্রিক ফিল্ডের মালিকানা দাবিদার মোক্তার হোসেন, মনির হোসেন, নজরুল ইসলাম ও আসলামকে টেঁটাবিদ্ধ অবস্থায় কেরানীগঞ্জের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেঁটাবিদ্ধ মোক্তার হোসেন একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। পুলিশের গ্রেপ্তার এড়াতে তাকে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর আহতদের সিরাজদিখান উপজেলার ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে । সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত দফায় দফায় সিরাজদিখান ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার মধ্যবর্তী আকবর নগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


আকবর নগর গ্রামের ধলেশ্বরী নদীর পাড়ে একতা ব্রিক ফিল্ডের মালিকানার দ্বন্দ্বে চাচা আলহাজ মো. মুনতাজ ও ভাতিজা মোক্তার হোসেনের দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাঁধে।

সিরাজদিখান থানার ওসি আবুল বাসার জানান, ইট ভাটা নিয়ে মালিকানার দ্বন্ধে ২ ইট ভাটা ব্যবসায়ীর দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইটভাটার মালিকানা দাবিদার মোক্তার হোসেন কেরানীগঞ্জ থানার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। এ সংঘর্ষে মোক্তার হোসেন টেঁটাবিদ্ধ হয়েছে।


তবে সংঘর্ষের ঘটনাস্থল হচ্ছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আকবর নগর গ্রাম। ঘটনাস্থলে সিরাজদিখান থানা পুলিশ অবস্থান করছে।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply