মুন্সীগঞ্জ সদর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

sadarpoliceআসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ সদর থানার এএসআই সিরাজুল ইসলাম গ্রেপ্তার বাণিজ্যে বেপরোয়া হয়ে উঠেছে। ওই দারোগা সাধারণ মানুষকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে লুফে নিচ্ছে লক্ষ-লক্ষ টাকা। তার বিরুদ্ধে নারী ঘটিত অনৈতিক কাজে জড়িত থাকারও একাধিক অভিযোগ করেছেন নাম প্রকাশ না করার শর্তে একাধিক যুবতী। পুলিশের পোশাক পরে সাধারণ যুবকদের আটক করে সে নিজের পকেটে রাখা ইয়াবা দিয়ে নিরাপরাধ যুবকদের নামে মাদকের মামলা দিয়ে কোর্টে চালান করে দেয়। তবে যারা কথামতো মোটা অঙ্কের টাকা দিতে পারছে শুধু তাদেরকেই এএসআই সিরাজ ও ওসি (তদন্ত) ইয়ারদৌস হাসান নামে এ পুলিশের কর্মকর্তারা মামলা থেকে নিষ্কৃতি দিচ্ছে।

ভূক্তভোগী শহরের নতুনগাঁও এলাকার সাইফুল ইসলাম জানান, গত ২০ অক্টোবর জমি সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষ জাকিয়া বেগমের পক্ষ নিয়ে সাইফুলের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করে। এতে সাইফুল দাবিকৃত ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মাদক আইনে মামলা করে জেল হাজতে প্রেরণের হুমকি দেয়।


এদিকে, জেলার আইনশৃংঙ্খলার মাসিক মিটিংয়ে মাদক ও সন্ত্রাসীদের উপর বিশেষ নজর রাখার জন্য পুলিশকে নির্দেশ দেয়ার সুযোগকে কাজে লাগিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রেপ্তার বাণিজ্যে লিপ্ত হয়ে পড়েছে।

এ গ্রেপ্তার বাণিজ্যের কারণে মাদক ব্যবসার সঙ্গে জড়িত স্থানীয় শীর্ষ সন্ত্রাসীরা তাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মাদক ব্যবসা চালিয়ে যেতে পারছে। যেসব যুবক কোন প্রকার নেশার সাথে জড়িত না এমন যুবকদের পর্যন্ত অভিযুক্ত সাজিয়ে ওই দারোগা সদর থানায় ধরে নিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছে। শহর ও শহরতলির মাদক ব্যাবসায়ীরা তাকে মাসোয়ারা দিয়ে দিব্বি মাদক বিক্রি করে যাচ্ছে। মাদক বিক্রেতাদের গ্রেপ্তার করার প্রাক্কালে এএসআই সিরাজ আগেই ফোন করে ওই মাদক ব্যবসায়ীকে পালিয়ে যেতে সহযোগিতা করে। গ্রেপ্তারের ভয়ে অনেকে তার বিরুদ্ধে মুখ খুলেন না। কেউ মুখ খুললে তাকে পুনরায় গ্রেপ্তার করা হবে বলে ভয়-ভিতি প্রদর্শন করে মুখ বন্ধ করে রাখে পুলিশের ওই কর্মকর্তা।

এ বিষয়ে এএসআই সিরাজুল ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

এ প্রসঙ্গে সদর থানার ওসি (তদন্ত) ইয়ারদৌস হাসান বলেন, এএসআই সিরাজুল ইসলাম ও আমার বিরুদ্ধে আনিত এসব অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিনিউজ

Leave a Reply