মায়ের অনৈতিক প্রেমের বলি পুত্র : হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

Murder4নিজ মায়ের অনৈতিক প্রেম দেখে ফেলায় মা ও তার কথিত প্রেমিক মিলে হাতুড়ি দিয়ে পিটিয়ে ছেলেকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে প্রেমিক পলাশ মিয়া পলাতক রয়েছে। তবে মা’র দাবি, বাড়ি ছেড়ে দেয়ার কথা বলায় পলাশ তার ছেলেকে খুন করে পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে রোববার ভোরে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলির আরাফত নগর এলাকার।

থানার এসআই রেজাউল করিম জানান, গত ১০ বছর আগে ময়মনসিংহের ধোপাউড়া এলাকার মহিউদ্দিন মিয়ার সঙ্গে মুন্সীগঞ্জের লৌহজং ঘোড়াঘাট এলাকার কলমা গ্রামের আফাজদ্দিনের মেয়ে সীমা বেগমের বিয়ে হয়। মহিউদ্দিন মিয়া অঙ্গীভূত (অস্থায়ী) আনসার সদস্য। সে বর্তমানে রাঙ্গামাটিতে কর্মরত। বিয়ের পর থেকে তারা রাজধানী ঢাকার বাসাবো এলাকার কদমতলায় ভাড়া করা বাসায় বসবাস করে আসছিল।

স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে উপ-পরিদর্শক আরও জানান, গত আট বছর আগে মহিউদ্দিন মিয়া আরাফত নগর এলাকায় তার স্ত্রী সীমা বেগমের নামে জায়গা কিনে বাড়ি নির্মাণ করে। গত প্রায় এক মাস ধরে এ বাড়িতে স্ত্রী সীমা বেগমের সঙ্গে তার প্রথম স্বামী আলতাফুর রহমানের ছেলে আরিফুর রহমান রানা থাকতো। স্বামী বাড়িতে না থাকায় ধীরে ধীরে স্থানীয় টিভি-ফ্রিজের মেকানিক পলাশ মিয়ার সঙ্গে সীমার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।

পুলিশের ধারণা, গতকাল ভোর রাতে মা ও তার প্রেমিকের সম্পর্ক দেখে ফেলায় মা ও প্রেমিক পলাশ মিয়া হাতুড়ি দিয়ে আরিফুল ইসলাম রানাকে পিটিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সকাল ৯টায় কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাশ মিয়া পলাতক রয়েছে।

মা সীমা বেগমের সঙ্গে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, বরিশালের পলাশ মিয়া তার স্ত্রীকে নিয়ে আরাফতনগর এলাকায় ২০ বছর ধরে ভাড়া করা বাসায় বসবাস করে আসছে। কয়েক বছর আগে তার স্ত্রীও তাকে ফেলে রেখে চলে গেছে। সে স্থানীয় টিভি-ফ্রিজ মেকানিক। আমরা ওখানে বাড়ি করার পর বাড়ির দেখাশুনার জন্য তাকে দায়িত্ব দেয়া হয়। গত ৮ বছর ধরে সে আমাদের বাড়িতে থাকছে।

গত মাসে তাকে বাড়ি ছেড়ে দেয়ার জন্য বলা হয়। তারপরও সে বাড়ি ছাড়েনি। ঘটনার রাতে সে আমার ছেলের সঙ্গে ঘুমিয়েছিল। সেই আমার ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে গেছে। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান বলেন, পরকীয়ার জেরেই ওই যুবক খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

সংবাদ

Leave a Reply