মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ায় প্রায় ৫০০ একর জমির ওপর পোশাক শিল্পপার্ক নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট নয় শিল্প মন্ত্রণালয়। এ কাজে মন্ত্রণালয়ের কোনো দায়ও নেই। রোববার দুপুরে মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাকশিল্প মালিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নির্ধারিত এক বৈঠকের শুরুতে এ কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি আরো বলেন, ‘পোশাক শিল্পপার্ক নির্মাণে আমাদের দায়িত্ব দেওয়া হয়নি। দায়িত্ব পেলে নিশ্চয় করব। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বই বেশি।’
সভার শুরুতে শিল্পসচিব মোহাম্মদ মাঈনউদ্দীন আবদুল্লাহ এ-সংক্রান্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা-৩-এর প্রস্তুতকৃত প্রতিবেদন পড়ে শোনান।
সভায় বিজিএমইএর সভাপতি মো. আতিকুল ইসলাম, বিকেএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেমসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৬ সালের মার্চে মুন্সিগঞ্জের গজারিয়ায় এ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিক কাজ সম্পন্ন করে পরে প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠায় শিল্প মন্ত্রণালয়। ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের স্যোশাল কমপ্লায়ান্স ফোরাম ফর আরএমজির (এসসিএফ) ১৯তম সভায় প্রকল্পটি এগিয়ে নেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের ২০তম সভায় পিপিপির বদলে জিওবি ফান্ডের মাধ্যমে পোশাক শিল্পপার্ক প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব রেখে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়। ২০১২ সালের ডিসেম্বরে পরিকল্পনা মন্ত্রণালয় এক পত্রে শিল্প মন্ত্রণালয়কে জানায়, প্রকল্পটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি থেকে সরে গেছে শিল্প মন্ত্রণালয়।
এদিকে জানা গেছে, বিভিন্ন প্রক্রিয়ায় এলাকাটিতে ৪৯২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে পোশাক শিল্পপার্কের জন্য। তবে আলোচিত এই প্রকল্পের কাজের অগ্রগতি এখনো সন্তোষজনক নয়। প্রকল্পটি কবে বাস্তবায়িত হবে, তাও নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। এ জন্য হতাশা বেড়েছে পোশাকশিল্প মালিকদের মাঝে।
রাইজিংবিডি

Leave a Reply