ব্যক্তি উদ্যোগে স্বজনদের খাবার বিতরণ

Miraz154মেঘনায় লঞ্চ ডুবি
কাজী দীপু: লঞ্চ ডুবির ঘটনায় গত দুদিন ধরে মুন্সীগঞ্জের মেঘনা নদীর তীরে অবস্থানরত নিখোঁজ যাত্রীদের স্বজনদের ব্যক্তি উদ্যোগে খাবার সরবরাহ করেছেন স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা। স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, গজারিয়া উপজেলার চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তি খাবারের ব্যবস্থা করেন।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে কাল বৈশাখী ঝড়ে এমভি মিরাজ-৪ আড়াই থেকে তিন শতাধিক যাত্রী নিয়ে মেঘনা নদীতে ডুবে যায়। এ খবর পেয়ে শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নিখোঁজ যাত্রীদের স্বজনা ভিড় জামান মেঘনা নদীর তীরে। একই সঙ্গে প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরাও ছুটে আসেন সেখানে।

এতে বৃহস্পতিবার রাতে খাবার ও পানি সঙ্কট দেখা দিলে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আ.লীগের উপ দফতর সম্পাদক মৃনাল কান্তি দাস, গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েতউল্লাহ খান তোতাসহ মেঘনা নদী সংলগ্ন দৌলতপুর গ্রামের বিভিন্ন ব্যক্তি নিজ উদ্যোগে কলা, রুটি আপেল, বিস্কুটসহ বিভিন্ন খাবার ও পানি বিতরণ করেন।
Miraz154
শুক্রবার সকালে ও দুপুরে জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন খাবার পানি ও কলা রুটি বিতরণ করেছেন স্বজন ও উদ্ধারকারীদের মাঝে।

এছাড়া গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েতউল্লাহ খান দুপুরে স্বজনসহ প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের জন্য খাবার ও পানি বিতরণ করেন।

এছাড়াও আশপাশের এলাকার বিভিন্ন ব্যক্তি নিজ উদ্যোগে নিখোঁজ যাত্রীর স্বজনদের কলা, রুটি ও খাবার পানি সরবরাহ করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, প্রশাসনের পক্ষ থেকে স্বজন ও উদ্ধারকর্মীদের জন্য কোনো খাবারের ব্যবস্থা নেওয়া হয়নি। ব্যক্তি উদ্যোগে খাবার ও পানি বিতরণ করেছে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply