মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বেচ্ছাসেবক দলের সভা চলাকালে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওয়ারেন্টভুক্ত আসা্মি ইদ্রিস মিয়াজি মোহনকে পুলিশ আটক করলে বিএনপি নেতা-কর্মীরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে এক কর্মীকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ঈদ পুনর্মিলনটি পণ্ড হয়ে যায়। তবে পুলিশ দাবি করেছে সভাটির পূর্বানুমতি না থাকায় তা পণ্ড করে দেওয়া হয়েছে।
গজারিয়া থানার ওসি ফেরদৌস জানান, বৃহস্পতিবার বিকেলে গজারিয়ার ঈমামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের একটি সভা চলছিল। পূর্ব অনুমতি না থাকায় সন্ধ্যার দিকে পুলিশ সেখানে উপস্থিত হয়ে সভাটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্বেচ্ছাসেবক দলের কর্মী মাদ্রাসা শিক্ষক সাহাবুদ্দিনকে (৩৫) আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই মাঠে স্বেচ্ছাসেবক দলের ঈদ পুনর্মিলনীর একটি সভা চলছিল। সভাটি সরকারবিরোধী আন্দোলনের জন্যই নেতা-কর্মীদের চাঙ্গা ও জড়ো করতে আহ্বান করা হয়েছিল বলে সূত্রটি দাবি করে। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে সভাটি পণ্ড করে দেয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়াজি মোহন। তিনি গজারিয়া থানার একটি মামলার ওয়ারেন্টের আসামি। পুলিশ তাঁকে আটক করতে গেলে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা পুলিশের উপর চড়াও হয়ে মোহনকে ছিনিয়ে নেয় ও পুলিশের উপর আক্রমণের চেষ্টা করে।
এ সময় পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের সাথে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তারা সমাবেশস্থলে ভাঙচুর ও পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে লঙ্কাকাণ্ডের সৃষ্টি করে। তবে ওসি পুলিশের ওপর আক্রমণের ঘটনা ঘটেনি বলে বিষয়টি এড়িয়ে যান।
কালের কন্ঠ
=====================
মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক আটক
নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে মুন্সীগঞ্জের গজারিয়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক মো. শাহাবুদ্দিনকে (৪২) আটক করেছে পুলিশ।
বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গজারিয়া উপজেলার রসুলপুর খেয়াঘাট এলাকা থেকে শাহাবুদ্দিনকে আটক করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রসুলপুর খেয়াঘাট এলাকায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ গোপন বৈঠক করেন। পুলিশের কাছে ওই বৈঠকে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা নেওয়ার তথ্য রয়েছে।
আটক শাহাবুদ্দিন জেলা স্বেচ্ছাবেসক দলের যুগ্ম-সম্পাদক বলে জেলার সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়াজী মোহন নিশ্চিত করেন।
দ্য রিপোর্ট
==============

Leave a Reply