মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হঠকারিতা
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পল্লী বিদ্যুৎ সমিতির একটি হঠকারী সিদ্ধান্তে বন্ধ হয়ে রয়েছে ৩৫ বিঘার সেচ প্রকল্প। প্রকল্পের চাষিরা পুরনো সংযোগটি নতুন করে সচল করতে পারছেন না। অন্যায়ভাবে তাঁদের ধরিয়ে দেওয়া হয়েছে ৬০ হাজার টাকার বিল। এতে চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জানা যায়, উপজেলার কনকসারে জামাল উদ্দিন শেখের ৩৫ বিঘার বোরো সেচ প্রকল্প রয়েছে। পল্লী বিদ্যুতের নিয়ম অনুযায়ী আবেদন গ্রহণ করে প্রতিবছর জুন মাসের দিকে সেচ প্রকল্পের সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে নেওয়া হয়। বোরো মৌসুমে স্থানভেদে আগস্ট থেকে নভেম্বর মাসের দিকে নিয়মানুযায়ী পুনঃসংযোগ দেওয়া হয়। কিন্তু এ বছর বোরো মৌসুমে জামাল উদ্দিন তাঁর সেচ প্রকল্পের মিটার সংযোগ আনতে গিয়ে পড়েন বিপত্তিতে। পল্লী বিদ্যুৎ সমিতি তাঁর কাছে অযৌক্তিক ৬০ হাজার টাকা দাবি করছে। কারণ হিসেবে সমিতি বলছে, ট্রান্সফরমার মেরামতের ক্ষতিপূরণ বাবদ এই টাকা ধার্য করা হয়েছে। অথচ ট্রান্সফরমারটি যখন নষ্ট হয়েছে, তখন এই গ্রাহকের সংযোগ ছিল না।
সেচ প্রকল্পের মালিক জামাল উদ্দিন বলেন, ‘যখন ট্রান্সফরমারটি নষ্ট হয়েছিল, তখন বর্ষা মৌসুম, সেচ প্রকল্পটি সে সময় বন্ধ ছিল এবং সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। যেহেতু ওই সময়ে আমার মিটারে সংযোগ ছিল না, তাহলে কেন আমাকে ওই সময়ে ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমারের টাকা দিতে হবে? এটি অন্যায় ও জুলুম। বিদ্যুৎ সংযোগের অভাবে ধান চাষ ব্যাহত হচ্ছে। প্রায় ৩৫ বিঘা জমির চাষাবাদ করা যাচ্ছে না।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির লৌহজং জোনের ডিজিএম শেখ মনোয়ার মোর্শেদ জানান, ট্রান্সফরমারটি নষ্ট হওয়ার সময় তাঁর সংযোগ না থাকলেও সমিতির নিয়ম অনুযায়ী মেরামতের খরচ দাবি করা হয়েছে।
কালের কন্ঠ

Leave a Reply