লৌহজংয়ে ৩ বাসের ত্রিমুখী সংঘর্ষে আহত ১২ : যান চলাচল বন্ধ

ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের লৌহজংয়ে যাত্রীবোঝাই পৃথক ৩ বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১২ যাত্রী আহত হয়েছে। এ সময় মহাসড়কে এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দেয়।

বেলা সাড়ে ১২ টার দিকে মাওয়া চৌরাস্তায় ডিএম, পর্যটক ও বিআরটিসি পরিবহনের যাত্রীবোঝাই বাসের ত্রিমুখী এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে সত্যতা নিশ্চিত করেন মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই মো: ইউনুস।

তিনি জানান, বরিশালগামী পর্যটক পরিবহনের যাত্রীবোঝাই বাসটি মাওয়া চৌরাস্তায় নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা ডিএম পরিবহনের বাসকে ধাক্কা দিলে ডিএম পরিবহনের বাসের সঙ্গে বিআরটিসি পরিবহনের অপর আরেকটি বাসের সংঘর্ষ ঘটে।

ডিএম ও বিআরটিসি পরিবহনের বাস ২ টি মাওয়া চৌরাস্তায় যাত্রী উঠানোর জন্য সেখানে দাঁড় করানো অবস্থায় ছিল। আহত যাত্রীদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে, ত্রিমুখী সংঘর্ষের পর মহাসড়কে দুপুর দেড়টা পর্যন্ত দীর্ঘ এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। মাওয়া চৌরাস্তা থেকে খানবাড়ি পর্যন্ত ২ কিলোমিটার এলাকায় যানজট ছাপিয়ে যায়।

বিডিলাইভ

Leave a Reply