রূপগঞ্জে লৌহজংয়ের মাদক ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- আমলাবো এলাকার রমজান আলীর ছেলে সবুজ মিয়া (১৯) ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার দিঘলী এলাকার দ্বীন ইসলাম বেপারীর ছেলে বিল্লাল হোসেন (৩০)।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, বিল্লাল ও সবুজ দীর্ঘদিন ধরে আমলাবো এলাকাসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন।

খবর পেয়ে পুলিশের একটি দল সকালে আমলাবো এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই কেজি গাঁজা ও ৯৮ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply