মুক্তারপুরে বয়লার বিস্ফোরণে নিহতের লাশ কবর থেকে উত্তোলন

মো. হোসনে হাসানুল কবির: জেলা সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বাগবাড়ি কবর স্থান থেকে কারেন্ট জাল তৈরির কারখানার বয়লার বিস্ফোরণে নিহত সজিবের লাশ কবর থেকে উঠানো হয়েছে।

বুধবার বিকালে আদালতের আদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহের উপস্থিতিতে পুলিশ এই লাশ উত্তোলন করে।

গত সোমবার গভীর রাত পৌনে ২টার দিকে পঞ্চসার ইউনিনের গোসাইবাগ এলাকায় সাওবান ফিশিং নেট কারখানার সুতার আয়রনের কাজে ব্যবহৃত বয়লারের বিস্ফোরণে কারখানার কর্মচারী সজিব নিহত হয়। এতে আহত আরও ৪ জন।

এ ঘটনায় বয়লারের আঘাতে বিদ্যুতে খুটিসহ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ১১ ঘণ্টা জেলা সদরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। এ ঘটনার পরপরই তড়িঘড়ি করে রাতেই পুলিশকে না জানিয়ে বাগবাড়ি কবরস্থানে দাফন করা হয়। পরের দিন গত মঙ্গলবার রাতে সজিবের মা রাজিয়া বেগম বাদী হয়ে কারখানার মালিক গোলাম মোস্তাফা ও তার স্ত্রী ডালিয়া আক্তারকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ খান ব্রেকিংনিউজকে জানান, লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সন্ধ্যা হয়ে যাওয়ায় ময়নাতদন্তে করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার করা হবে।

ব্রেকিংনিউজ

Leave a Reply