শেখ মো. রতন: আধিপত্য বিস্তার নিয়ে জেলার সীমান্তবর্তী চরকিশোরগঞ্জ ও চরহোগলা গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে ২০ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছে।
বুধবার সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। এ সময় বালু মহালের কাউন্টার ও ২০টি বাড়ি ভাংচুর করা হয়। এছাড়া বালু মহালের একটি স্পিডবোট আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

গুলিবিদ্ধ মরজল হোসেন (৩০), আমির হোসেন (২৭), ফারুক হোসেন (২৬), জয়নাল আবদিক (২০), রাকিব হোসেন (২২), আরিফ হেসেন (২৮), হারুন মিয়া (২৫), মেহিদী (৭), জব্বর হোসেন (২০), হায়দার হোসেন (২৯), রাকিব হোসেন (১৯), হযরত আলী (৩০), মো. সেলিম (২৯), মো. পিন্টু (২০), সুজন মিয়া (২২), ইয়ামিন (২৫), আয়নল হোসেন (৩০), মনিরুল (৩০), আমিন হোসেন (৩২), নয়ন মিয়া (১৮) ও মো. মিলনকে (২২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

চরকিশোরগঞ্জ পুলিশ ক্যাম্পের এস আই নুর হোসেন জানান, চরকিশোরগঞ্জ এলাকার ইউপি সদস্য নাসির মেম্বার গ্রুপ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে প্রতিপক্ষ ঈমাম হোসেন ও মো. হারুন রশিদ শেখ সমর্থিত লোকজনের ওপর হামলা চালায় ও গুলিবর্ষণ করে। ইউপি নির্বাচনে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
ঈমাম হোসেন অভিযোগ করেন, আসন্ন ইউপি নির্বাচনে সম্ভুপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সদস্য পদে হারুন রশিদ শেখ প্রতিদ্বন্দ্বিতা করবেন। এতে বর্তমান ইউপি সদস্য নাসির হোসেন প্রতিপক্ষকে ঘায়েল করতে হামলা চালিয়েছেন।
অপরদিকে নাসির মেম্বার পক্ষের লোকজন দাবি করেছে, বালু মহালের আধিপত্য নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়েছে।
রাইজিংবিডি

Leave a Reply