তৃণমূলে ক্ষোভ: তিনমাসেও অনুমোদন পায়নি দুই উপজেলা কমিটি

গত তিনমাসেও অনুমোদন পায়নি মুন্সীগঞ্জ-১ নির্বাচনী এলাকার শ্রীনগর ও সিরাজদিখান বিএনপির দুই উপজেলা কমিটি। দলের একটি বড় অংশকে বাইরে রেখে এবং কাউন্সিল না করে জেলা বিএনপির সভাপতি আলহাজ আবদুল হাইয়ের কাছে জমা দেয়ার পর এ নিয়ে সেখানকার তৃণমূলে হইচই পড়ে যায়।

এ ঘটনায় বাদপড়া নেতারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে গিয়ে দেখা করেন। তারা অভিযুক্ত করেন বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনকে। একপর্যায়ে কমিটি অনুমোদন করা থেকে পিছু হটে জেলা বিএনপি। এ অবস্থায় ওই দুটি উপজেলা কমিটি ঝুলে রয়েছে। এতে করে সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় দলীয় তৃণমূলের তোপের মুখে রয়েছেন শাহ মোয়াজ্জেম হোসেন।

বিশেষ করে শাহ মোয়াজ্জেম হোসেনের নিজ উপজেলা শ্রীনগরে তার বিরুদ্ধে এখন একাট্টা সেখানকার ১৪টি ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীরা। তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অনেকটা শক্তির পরীক্ষায় নেমেছেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মমিন আলী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন গ্রুপ। আবার তাদের সঙ্গে রয়েছেন উপজেলার ১৪টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ তৃণমূল নেতাকর্মীরা।

তৃণমূলের নেতাকর্মীদের দাবি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশ আমান্য করে গত বছরের ২৪ অক্টোবর কাউন্সিল ছাড়া ঢাকায় বসে কমিটি গঠন করেন শাহ মোয়াজ্জেম হোসেন। একই পথ অনুসরণ করে সিরাজদিখান উপজেলা কমিটিও তৃণমূলের মতামত উপেক্ষা করে গঠন করেন তিনি। জেলা বিএনপির সভাপতির কাছে এ কমিটি জমা দিয়েছেন শাহ মোয়াজ্জেম হোসেন। এ কমিটিও অনুমোদন পায়নি।

জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ালে এরশাদের জাতীয় পার্টি ছেড়ে শাহ মোয়াজ্জেম হোসেন বিএনপিতে যোগ দেন। কিন্তু শ্রীনগরের রাজনীতিতে শাহ মোয়াজ্জেম হোসেন নিজেকে খাপ খাওয়াতে পারেননি বলে অভিযোগ উঠেছে। এতে শ্রীনগরের রাজনীতির নেতৃত্ব চলে যায় শ্রীনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মমিন আলীর নিয়ন্ত্রণে। একটি উপজেলা বিএনপির নিয়ন্ত্রক মো. মমিন আলীকে বাদ দিয়ে এবং তাকে না জানিয়ে কমিটি করে জমা দেয়ায় স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে।

সূত্র মতে, জেলার ৬টি উপজেলা ও ২টি পৌরসভার মধ্যে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা বিএনপির কমিটি গঠন নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বাকি ৪টি উপজেলা ও ২টি পৌরসভার নতুন কমিটি গঠন করা হয়ে গেছে। কিন্তু শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা বিএনপির কমিটি ঝুলে থাকায় জেলা বিএনপির কাউন্সিলও অনিশ্চতার মুখে পড়েছে।

এদিকে, শাহ মোয়াজ্জেম হোসেন যখন শ্রীনগরে এসেছেন তখন তার আশপাশে বিএনপি মূলধারার রাজনীতির সঙ্গে জড়িত নেতাকর্মীদের দেখা যায়নি। তাকে ঘিরে রাখে জাপা থেকে আসা নেতা কর্মীরা। এর ফলে তিনি স্থানীয় বিএনপির রাজনীতি অনেকটা দূরে সরে চলে যান বলে অনেকেই মনে করছেন।

ওদিকে, শ্রীনগরে তার অবস্থান শক্ত করতে তিনি তার ঘরানার নেতাদের দিয়ে উপজেলা কমিটি ঘোষণা দেন।

এর ফলে মুলধারা বিএনপির নেতারা বাদ পরে যান। আর এতেই বিপত্তি ঘটে। আর এই কমিটির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মমিন আলী। কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ, মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহার নেতৃত্বে শ্রীনগর উপজেলা বিএনপির ৩০ সদস্যের একটি দল গত ৮ ডিসেম্বর রাত ১০ টায় গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে গিয়ে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে তাদের অভিযোগ জানান।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। খালেদা জিয়া স্থানীয় নেতাদের অভিযোগ শুনে তাদের আশ্বস্ত করে বলে জানা গেছে। এ কারণে শাহ মোয়াজ্জেমের কমিটি আটকে গেছে বলে গুঞ্জন উঠেছে।

এদিকে, উপজেলা বিএনপির সভাপতি মমিন আলী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের নেতৃত্বে কাউন্সিল ডেকে সেখানকার তৃণমূল তাদের মতামতের ভিত্তিতে তারা নতুন কমিটি বা নতুন নেতা নির্বাচন করতে চান। এরজন্য তারা জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

হাসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. মনছুর আলী বলেন, শাহ মোয়াজ্জেম হোসেন শ্রীনগরের তৃণমূলের কারো সঙ্গে আলাপ-আলোচনা করেননি। আমরা পকেট কমিটি মানি না। কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। শাহ মোয়াজ্জেম হোসেনের এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি।

রাঢ়ীখাল ইউপি বিএনপির সভাপতি আমিরুল ইসলাম কফিল ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন, শাহ মোয়াজ্জেম আমাদের কোনো মতামত নেননি। তিনি কোথায়, কিভাবে কমিটি করলেন, তা তিনি নিজেই জানেন। আমরা পকেট কমিটি গঠনের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা তৃণমূল ঐক্যবদ্ধভাবে কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচন করবো।

শ্রীনগর ইউপি বিএনপির সভাপতি মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন পকেট কমিটি গঠনের নিন্দা জানিয়ে বলেন, এলাকার পরিবেশ পরিস্থিতি বিবেচনা না করেই তিনি ঢাকায় বসে পকেট কমিটি করে ফেললেন।

বীরতারা ইউপি বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, চেয়ারপারসন লন্ডন যাওয়ার প্রাক্কালে কোনো পকেট কমিটি গঠন না করার জন্য নির্দেশনা দিয়ে গেছেন। ৫ জনে বসে একটি কমিটি দিয়ে দেবে, আর সেটা আমরা মেনে নেব- তা হবে না।

শ্যামসিদ্ধি ইউপি বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, তৃণমূলের মতামত ও কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করতে হবে।

ভাগ্যকূল ইউপি বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসুফ রানা বলেন, বর্তমান উপজেলা বিএনপির সভাপতি মমিন আলী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের উপস্থিতিতে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করতে হবে।

পাটাভোগ ইউপি বিএনপির সভাপতি হাজী আমির আলী মৃধা বলেন, আমরা জানি না, কোথায় কিভাবে কমিটি হলো।

ষোলঘর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, আমরা পকেট কমিটির তীব্র নিন্দা জানাচ্ছি। কাউন্সিল দিতে হবে। যে আসবে আমরা তাকে নেতা মেনে নেবো।

কুকুটিয়া ইউপি বিএনপির সাধারণ সম্পাদক হাজী এনায়েত হোসেন ও সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বলেন, ম্যাডামের নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। বাসায় বসে পকেট কমিটি আমরা মানি না। শাহ মোয়াজ্জেম দলকে ধ্বংস করার চক্রান্ত করছেন। কাউন্সিলের মাধ্যমে যে কমিটি আসবে তাকে আমরা স্বাগত জানাবো।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আসগর মল্লিক রিপন বলেন, শ্রীনগর ও সিরাজদিখানে অগণতান্ত্রিক পন্থায় কমিটি গঠন করায় তা অনুমোদন দেয়া হয়নি।

তিনি আরও বলেন, ওই দু’টি উপজেলার কমিটি ঝুলে পড়ায় জেলা বিএনপির কাউন্সিলও ডাকা সম্ভব হচ্ছে না।

পূর্ব পশ্চিম

Leave a Reply