মোজাম্মেল হোসেন সজল: আসন্ন ইউপি নির্বাচন ঘিরে বিএনপি সমর্থিতদের স্থানীয় আওয়ামী লীগে যোগদান নিয়ে শহর লাগোয়া বিএনপি অধ্যুষিত পঞ্চসার ইউনিয়ন এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। পঞ্চসার ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মো. আক্তার হোসেন বিএনপির সকল সদস্য পদ থেকে পদত্যাগ করে গত ১৫ই ফেব্রুয়ারি আওয়ামী লীগে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। শনিবার বিকাল ৩টায় জেলা পরিষদ প্রাঙ্গণে ব্যাপক শোডাউন করে আওয়ামী লীগে যোগদান করছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবদুল হাইয়ের চাচাতো ভাই গোলাম মোস্তফা।
জেলা বিএনপির শীর্ষ নেতার চাচাতো ভাই আওয়ামী লীগে যাচ্ছেন-এ নিয়ে ব্যাপক সরগরম এখন মুন্সীগঞ্জ শহর ও পঞ্চসারসহ আশপাশ এলাকা। দীর্ঘদিন ধরে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, পারিবারিক বিরোধীতা ও আসন্ন ইউপি নির্বাচনে পঞ্চসার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করাকে কেন্দ্র গোলাম মোস্তফা আওয়ামী লীগে যোগদান করছেন বলে জানা গেছে। তিনি এর সত্যতা স্বীকার করে বলেছেন, শনিবার ব্যাপক লোকসমাবেশ ঘটিয়ে তিনি শোডাউন করে আওয়ামী লীগে যোগদান করছেন। জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিনের হাতে ফুলের তোড়া দিয়ে মোস্তফা এ যোগদান করবেন।
স্থানীয়রা জানান, বিএনপি নেতা গোলাম মোস্তফা ও মো. আক্তার হোসেনের যোগদানের মধ্য দিয়ে অর্ধলাখ ভোটার অধ্যুষিত শিল্পনগরীখ্যাত পঞ্চসার ইউনিয়ন এবার বিএনপির হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ইউনিয়নে বেশীর ভাগ সময় বিএনপি সমর্থিতরা চেয়ারম্যান পদে জয়লাভ করেন। পঞ্চসারের আধিপত্যের ভাগ বসাতে বার বার ব্যর্থ হয়েছে স্থানীয় আওয়ামী লীগ। এবার সে সুযোগ কাজে লাগাতে চাইছেন তারা।
জানা গেছে, স্বাধীনতা পরবর্তী পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর গোসাইবাগের দুই ভাই হাজী মনিরউদ্দিন ও মন্নাফ ফকির বিএনপির হাল ধরেন। এরপর ১৯৭৮ সালে হাজী মনিরউদ্দিনের বড় ছেলে বর্তমান জেলা বিএনপির সভাপতি আবদুল হাই পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। পরের বছরই আবদুল হাই বিএনপির টিকিটে মুন্সীগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সাল পর্যন্ত ওই আসনে আবদুল হাই পরপর ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তার বাবা মরহুম হাজী মনিরউদ্দিনও। গত দুই মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ হাবিবুর রহমান। হাবিবুর রহমান সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহাম্মেদ-এর বন্ধু হিসেবে পরিচিত। জেলা বিএনপির সভাপতি ও তার ছোট ভাই মহিউদ্দিন আহাম্মেদ-এর বসতবাড়ি পঞ্চসারের মুক্তারপুর গোসাইবাগ হওয়ায় সেখানে বিএনপির আধিপত্য লক্ষনীয়।
৯৬ সালে আওয়ামী লীগ জমানায় আবদুল হাইয়ের চাচাতো ভাই গোলাম মোস্তফা দলের জন্য নানাঝুঁকি নিয়ে পঞ্চসারে বিএনপির একটি অংশের হাল ধরে রাখেন। এরপর ২০০১ সালে বিএনপি ক্ষমতাসীন হলে মন্নাফ ফকিরের পরিবার পারিবারিক আধিপত্যের দ্বন্দ্বের শিকার হয়ে চাওয়া-পাওয়া থেকে বঞ্চিত হয়। গোলাম মোস্তফার বোন জামাই সাবেক চেয়ারম্যান রহমতউল্লাহ ও মোস্তফা নিজেও বিএনপি থেকে চেয়ারম্যান পদ চেয়ে বঞ্চিত হন বলে তিনি জানিয়েছেন। এরপর মোস্তফার পরিবার চাচাতো ভাইদের বিএনপির রাজনীতি ছেড়ে দূরে সরে যান।
নিউজ৬৯

Leave a Reply