মুন্সীগঞ্জের প্রগতিশীল নাট্য সংগঠন সৌখিন নাট্যচক্রের প্রতিষ্ঠাতা সভাপতি গুণী নাট্যকার ও নির্দেশক আব্দুল খালেক মোল্লার ১৪তম মৃত্যু বার্ষিকী কাল। ২০০৩ সালের ২২ সেপ্টেম্বর তিনি হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। তিনি সৌখিন নাট্যচক্রসহ মুন্সীগঞ্জের প্রগতিশীল বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ছিলেন। এছাড়া মুন্সীগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন করেছেন মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সহ-সাধারণ সম্পাদকের। ষাটের দশকের মুন্সীগঞ্জের অন্যতম সংগঠক ছিলেন তিনি।

মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মুন্সীগঞ্জের নাট্যচর্চায় অগ্রণী ভূমিকা পালন করেন মরহুম নাট্যকার ও নির্দেশক আব্দুল খালেক মোল্লা। জনৈকের মহাপ্রয়াণ, বার ঘণ্টা, প্রেক্ষিত শাহজাহান ও একাল,ওরা কদম আলী, এক নদী রক্ত, এক পেয়ালা কফি, প্রত্যাশিত প্রলাপের মতো অসংখ্য দর্শক নন্দিত মঞ্চ নাটকের সফল নির্দেশনা ও আধুনিক কলা কৌশল প্রয়োগ করে মরহুম নাট্যকার ও নির্দেশক খালেক মোল্লা মুন্সীগঞ্জের নাট্য চর্চাকে এক অনন্য মাত্রা দেন। তার নাট্য নির্দেশনার মুন্সীআনা আজও মুন্সীগঞ্জের নাট্য প্রেমী মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ন্যায় বিচারক, দেশপ্রেমী ও জনদরদি মানুষ হিসেবে মরহুম আব্দুল খালেক মোল্লা মুন্সীগঞ্জ শহরে খুব প্রিয় মুখ ছিলেন।
পিতার আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার কনিষ্ঠ পুত্র অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দার জনি।
আজকালের খবর

Leave a Reply