১৬৬০ সালে নির্মিত মুন্সীগঞ্জ জেলার প্রাচীন প্রত্নতত্ত্ব নিদর্শন ইদ্রাকপুর কেল্লাকে আড়াল করে ভবন ও দোকান নির্মাণকাজ চলছে। প্রত্নতত্ত্ব অধিদফতর নির্মাণকাজ বন্ধ রাখতে জেলা প্রশাসককে চিঠি পাঠিয়েছে। প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, প্রাচীন প্রত্নতত্ত্ব নিদর্শন ইদ্রাকপুর কেল্লার আড়াল হয় এমন স্থাপনা এর আশেপাশে নির্মাণ করা যাবে না।
দুর্গটির পূর্ব-দক্ষিণ পাশ ঘেঁষে জেলা টেনিস কোটের নতুন একতলা ভবন নির্মাণ করা হচ্ছে। এছাড়া কেল্লার উত্তর-পূর্ব পাশে জেলা পরিষদ কর্মচারীদের ছোট ঝুপড়ি ঘর ও ডাকবাংলো। পশ্চিম পাশে এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবন। পূর্ব পাশে মহিলা ক্লাব, নির্মীয়মান পাবলিক টয়লেট ও কয়েকটি দোকান।
দোকানিরা জানান, বর্তমানে যে জায়গায় জেলা প্রশাসক পার্ক নির্মাণ করা হয়েছে সেখানে তাদের দোকান ছিল। প্রশাসন সেখান থেকে দোকান ভেঙে দিয়ে এখানে দোকান করতে অনুমতি দেন।

স্থানীয়রা জানান, মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারিঘাট, লিচুতলা রাস্তায় দাঁড়ালেই ঐতিহাসিক ইদ্রাকপুর কেল্লাটি দেখা যেত। কেল্লার পাশ ঘেঁষে ভবন, বাংলো, ক্লাব, দোকান হওয়ার কারণে এখন আর আগের মতো দেখা যায় না। যদি নির্মীয়মাণ টেনিস ক্লাবের কাজ বন্ধ করা না হয় তবে কেল্লাটি পুরোপুরি ঢাকা পড়বে। এতে আড়াল হয়েবে মুন্সীগঞ্জে ঐতিহ্য এ কেল্লাটি। এছাড়া ইদ্রাকপুর কেল্লার অবস্থাও জরাজীর্ণ। দুর্গের প্রাচীরে চুন-সুড়কি বিভিন্ন স্থান থেকে খসে পড়ছে। দুর্গের গায়ে শেওলা জমেছে। চারদিকের পরিবেশও অপরিচ্ছন্ন।
দুর্গটি রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার দায়িত্বে থাকা আবদুল কুদ্দুস জানান, তারা তিনজন এ দুর্গটিসহ জেলার মোট চারটি প্রতœ সম্পদের দেখভাল করেন। রাতে পাহারা ও দিনে সাফাইয়ের কাজ করেন। যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, জনবলের অভাবে দুর্গটি ততটুকু পরিষ্কার রাখতে পারছেন না। দুর্গের তিনপাশে পাশে স্থাপনা আছে এবং নতুন ভবন নির্মাণ করে দুর্গটি আড়াল করা হচ্ছে, তা প্রত্নতত্ত্ব অধিদফতরকে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান বলেন, একটি প্রাচীন স্থাপনা সংরক্ষণ ও প্রদর্শনের জন্য দুটি বিষয় থাকে। একটি কোরজোন ও অন্যটি বাফারজোন। বাফারজোন হচ্ছে নিরাপদ দূরত্ব। যেখান থেকে মানুষ ঘুরে ঘুরে ঐতিহাসিক স্থাপনার সৌন্দর্য ও স্বাদ নিতে পারে। এমন দূরত্বের মধ্যে কোনো ভবন নির্মাণ করা যাবে না। এছাড়া দুর্গের ভেতরে ও বাইরে শৌচাগার, ডাক-বাংলো, দোকানপাট, কার্যালয়সহ যেসব স্থাপনা আছে এগুলোও সরিয়ে নেওয়া উচিত। কারণ এগুলো দুর্গের সৌন্দর্য বিনষ্ট করছে। নতুন করে টেনিস কোর্টের যে কমপ্লেক্স হচ্ছে তা কোনোমতেই হওয়া উচিত না।
প্রত্নতত্ত্ব অধিদফতরের আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী রাখি রায় জানান, ইদ্রাকপুর কেল্লার পাশে টেনিস কোর্টের যে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে তা জেনেছেন। কোনোমতেই প্রত্ন সম্পদ আড়াল করে কোন স্থাপনা নির্মাণ করা যাবে না। নির্মাণকাজ বন্ধ রাখতে জেলা প্রশাসককে চিঠি পাঠিয়েছেন।
জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, টেনিস মাঠটি অনেক পুরোনো। ইদ্রাকপুর কেল্লার যেমন প্রয়োজন আছে, তেমনি খেলোয়াড় তৈরি করতে টেনিস কমপ্লেক্সেরও প্রয়োজন আছে। মুন্সীগঞ্জ ছোট একটি জেলা শহর। এখানে যদি একটা স্থাপনার জন্য আরও একটি স্থাপনা নির্মাণ না করি, তাহলে কোথায় করব। আর ইদ্রাকপুর কেল্লা মোটেও আড়াল করা হয়নি।
শেয়ার বিজ

Leave a Reply