ধুলায় আচ্ছন্ন সিরাজদীখান: বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

শ্বাসকষ্ট, হাঁপানি যক্ষ্ণাসহ নানা রোগে আক্রান্ত এলাকাবাসী
ইমতিয়াজ উদ্দিন বাবুল: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা ধুলার রাজ্যে পরিণত হয়েছে। বাতাসে উড়ছে শুধু ধুলা। একদিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ছয় লেন উন্নীতকরণ কাজ চলায় বিভিন্ন স্থানে ধুলার সৃষ্টি হচ্ছে। অন্যদিকে উপজেলার সর্বত্র ফসলি জমির মাটি কেটে সড়কপথে উন্মুক্তভাবে ধুলা উড়িয়ে তা বহন করে চলেছে মাহিন্দ্র ও ড্রামট্রাক। এতে সিরাজদীখানবাসীর পাশাপাশি ঢাকা-মাওয়া মহাসড়ক এবং সিরাজদীখান উপজেলার বিভিন্ন শাখা-প্রশাখায় চলাচলকারী যানবাহন চালক ও যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। আশপাশের ঘরবাড়ি, দোকান আর গাছপালাও এখন ধুলায় ছেয়ে গেছে। চলাচলের সময় ধুলায় কিছুই দেখা যায় না। এমনকি নিঃশ্বাস নিতেও কষ্ট হয়।

ধুলা থেকে রক্ষা পেতে কিছু মানুষ মাস্ক ব্যবহার করলেও বেশিরভাগ মানুষই অসচেতনতার কারণে ধুলোবালির সঙ্গে যুদ্ধ করেই জীবনযাপন করে যাচ্ছেন। ফলে তারা শ্বাসকষ্ট, চুলকানি, হাঁপানি, যক্ষ্ণাসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ছেন। চিকিৎসকদের মতে, শ্বাসনালি দিয়ে এসব ধুলোবালি প্রবেশের কারণে ফুসফুসের ক্যান্সারের মতো জটিল রোগও হতে পারে মানুষের।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বালুচর, লতব্দী, বাসাইল কেয়াইন, চিত্রকোট, রশুনয়া, বয়রাগাদী ও শেখরনগর ইউনিয়নে ধুলার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। এ থেকে রেহাই পাচ্ছে না ট্রাফিক পুলিশও। পাশাপাশি বসতবাড়ি, স্কুল-কলেজ, মাদ্রাসা-মসজিদ, ব্যবসাপ্রতিষ্ঠান, চায়ের দোকান, মুদি দোকান, খাবার হোটেল, সরকারি-বেসরকারি ক্লিনিক, ব্যাংক, বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানও ধুলোবালিতে ছেয়ে যাচ্ছে।

নিমতলা সড়কের পাশে চা দোকানি মনির মিয়া বলেন, এ সমস্যা আজকের নয়। অনেক দিন ধরে চলছে। মহাসড়কের উন্নয়নের কাজ শুরু করা হলেও এখনও শেষ হয়নি। ফলে সড়কের পাশে থাকা দোকানি ও বাড়ির মানুষদের অবস্থা খুবই খারাপ। রাস্তায় গাড়ি এসে থামার সঙ্গে সঙ্গে পেছন দিক থেকে ধুলা এসে ভরে যায়। মিনিটের মধ্যে দোকানসহ আমি সাদা হয়ে যাই।

আলী আজগর অ্যান্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজের প্রভাষক সিরাজুল ইসলাম বলেন, ‘নাক চেপেও রেহাই পাওয়া যায় না ধুলোবালি থেকে। সব সময় মাস্ক ব্যবহার করতে হয়।’

বাজারের মুদির দোকানদার আক্তার হোসেন বলেন, স্থানীয়দের অভিযোগ উপজেলার ১৪টি ইউনিয়নের বেশিরভাগ ফসলি জমির মাটি কেটে ও বালি দিয়ে বিভিন্ন ডোবানালা ও জমি ভরাটের কাজ করা হচ্ছে। ওই মাটি ও বালি বহনে ব্যবহার করা অবৈধ মাহিন্দ্র ও ড্রামট্রাকগুলোর কারণে ধুলোবালি বাতাসে উড়ছে বেশি।

সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান বলেন, ধুলাবালিতে যে শুধু শ্বাসনালি বা ফুসফুস আক্রান্ত হতে পারে তা নয়। শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গেও তা প্রভাব ফেলতে পারে। বর্তমানে আমাদের হাসপাতালে ধুলাবাহিত বায়ুদূষণের রোগবালাই বৃদ্ধি পাচ্ছে আশঙ্কাজনকভাবে।

সমকাল

Leave a Reply