ইমতিয়াজ বাবুল: সিরাজদীখানে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ কাজে নতুন নির্মাণসামগ্রী ব্যবহারের বদলে পুরোনো ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ তোলেন এলাকাবাসী। উপজেলার শেখরনগর ইউনিয়নের দক্ষিণহাটি-আলমপুর রাস্তার পুরোনো কালভার্ট ভেঙে নতুন করে নির্মাণে এ অনিয়ম হচ্ছে। এ নিয়ে স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাধা দিয়ে বেশ কয়েকবার কাজ বন্ধ রাখেন। কিন্তু এলাকাবাসীর বাধা উপেক্ষা করে নিয়মনীতির তোয়াক্কা না করেই ঠিকাদার এ কাজ চালাচ্ছেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, কালভার্টটির নিচের অংশের কাজ শেষ করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে পুরোনো কালভার্টের ভাঙা নির্মাণসামগ্রী। এর মধ্যে রয়েছে পুরোনো ইট, বালু ও সুরকি। নতুন নির্মাণসামগ্রী ব্যবহার না করে সাজিয়ে রাখা হয়েছে। কাজ শুরু করার পর থেকে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন স্থানীয়রা।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মেহের আলী বলেন, কালভার্ট নির্মাণে কোনো অনিয়ম হচ্ছে না।
শেখরনগর ইউনিয়নের ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, ‘এলাকাবাসীসহ আমরা তাকে কয়েকবার নিষেধ করেছি, কিন্তু তিনি আমাদের কথা শোনেননি। এর পর আমরা বিষয়টি চেয়ারম্যানকে জানাই। চেয়ারম্যানের কথাও তিনি শোনেননি।’
সিরাজদীখান উপজেলার পিআইও কর্মকর্তা আরমিন সুলতানা বলেন, বিষয়টি আমি শুনেছি। এজন্য তাকে বলাও হয়েছে। তাকে অফিসে ডাকানোও হয়েছিল। এখানে পুরোনো জিনিসপত্র দেওয়ার কোনো সুযোগ নেই।
সমকাল

Leave a Reply