মুন্সীগঞ্জের চরাঞ্চলের মোল্লাকান্দিতে আওয়ামী লীগ সমর্থিত দুই ইউপি মেম্বার গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলা, বাড়িঘর ভাঙ্চুর, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ককটেল হামলায় দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে নোয়াদ্দা গ্রামের আবু সায়েদ বেপারীকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ ও একই গ্রামের অপর আহত রাকিবকে (২৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা মোল্লাকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মেজবাহ উদ্দিন ওরফে মেজো মেম্বারের সমর্থক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১২টা নাগাদ মোল্লাকান্দি লাগোয়া টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের পুরাবাজারে মেজো মেম্বার সমর্থক সাজুর দোকানের নতুন ভাড়াটিয়া আরিফকে দোকানের কাজে বাঁধা এবং হুমকি-ধামকি দিয়ে যায় মোল্লাকান্দির বেহেরকান্দি গ্রামের ৮নং ওয়ার্ড সদস্য ও ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন দেওয়ান। এরপর দুপুর ২টার দিকে স্বপনের নেতৃত্বে ৭নং ওয়ার্ড সদস্য ও ইউপি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেজো ঢালীর নোয়াদ্দা গ্রামে হামলা চালায়৷ এ সময় গুলি, ককটেল বিস্ফারণ ও বাড়িঘরে হামলা চালায়। এতে আবু সায়েদ বেপারী ও রাকিব ককটেল বিস্ফারণের আঘাতে আহত হয়। পরে মেজো মেম্বার গ্রুপ পাল্টা প্রতিরোধ গড়ে তুললে স্বপন মেম্বার গ্রুপ নোয়াদ্দা গ্রাম ছাড়ে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আনিচুর রহমান জানান, মোল্লাকান্দিতে যা হবার তাই হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

গত ২৯ জানুয়ারি সন্ত্রাস কবলিত মোল্লাকান্দির মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদরোধে চরডুমুরিয়া এলাকায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও দলীয় নেতৃবৃন্দ এবং এলাকাবাসীদের নিয়ে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা করেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. আব্দুল মোমেন পিপিএম। ওই সভায় মোল্লাকান্দি ইউপিতে নৈরাজ্য সৃষ্টিকারীদের সবাই উপস্থিত ছিলেন। তারা পুলিশ সুপারকে কথা দিয়েছিলেন, মোল্লাকান্দি এখন থেকে শান্ত থাকবে এবং কোন সহিংসতা ঘটবে না। কিন্তু সভা করার ৫ দিনের মাথায় মোল্লাকান্দিতে চেয়ারম্যান মহসিনা হক কল্পনা গ্রুপের ইউপি মেম্বার স্বপন দেওয়ান ও সাবেক চেয়ারম্যান মোস্তফা মোল্লা গ্রুপের অপর ইউপি মেম্বার মেজো ঢালী গ্রুপের মধ্যে গুলি, ককটেল বিস্ফোরণ, হামলা পাল্টা হামলা ও বাড়িঘর ভাঙ্চুরের ঘটনা ঘটলো।
অবজারভার

Leave a Reply