প্রশাসনের ছুটোছুটি
মুন্সীগঞ্জের লৌহজংয়ের গোয়ালী মান্দ্রা বেদে পল্লীতে করোনা উপসর্গ নিয়ে দুই ব্যক্তির মৃত্যুর পর এখন আরো এক নারী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যেকোনো সময় সে না ফেরার দেশে চলে যেতে পারে। বেদে পল্লীতে করোনা ছড়িয়ে পড়ার খবর ‘কালের কণ্ঠের’ অলাইনে প্রকাশিত হলে আজ বৃহস্পতিবার টনক নড়েছে প্রশাসনের। দৌড়ঝাপ শুরু হয়েছে বেদে পল্লীতে।
আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাবিরুল ইসলাম খানের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মু. রাশেদুজ্জামান, লৌহজং থানার ওসি মো. আলমগীর হোসাইন স্থানীয় হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মোজাম্মেল হককে সঙ্গে নিয়ে গোয়ালী মান্দ্রার বেদে পল্লীতে ছুটে যান। তারা বেদে সর্দারদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করে মৃত দুই ব্যক্তির বাড়িসহ মৃতপ্রায় সুরাতুন নেছার বাড়ি লকডাউন করেন। ওই তিন ফ্যামিলিকে বাড়ির বাইরে আসা নিষিদ্ধ করা হয়েছে। সুরাতুন নেছার সোয়াব সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বেদেদের অবাধ চলাফেরায় কড়াকড়ি আরোপ করা হয়েছে।
স্থানীয় বেদে সম্প্রদায়ের মেম্বার এবাদুল কালের কণ্ঠকে ধন্যবাদ জানিয়ে বলেন, সময় উপযোগী নিউজ। ওই নিউজের কারণেই প্রশাসন ছুটে আসায় আমরা অনেকটা আশ্বস্ত।
হলদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ মো. মোজাম্মেল হক জানান, বেদেদের করোনা সচেতনতার জন্য আমরা সেখানে ছুটে যাই। তাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা করি।
লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন জানান, ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলে বেদে পল্লীতে যাই। সেখানে বৈঠক করে তিনটি পরিবারকে লকডাউন করার ব্যবস্থা করি। যে দুই ব্যক্তি ইতিমধ্যে মারা গেছেন তাদের মধ্যে করোনার উপসর্গ ছিল। এছাড়া এখনো দুই ব্যক্তির মধ্যে করোনা উপসর্গ রয়েছে। এর বাইরেও করোনা আক্রান্ত ব্যক্তি থাকতে পারে।
সহকারী কমিশনার (ভূমি) মু. রাশেদুজ্জামান জানান, সাময়িকভাবে ৩টি বাড়ি লকডাউন করা হয়েছে। করোনায় পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। রিপোর্ট আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাবিরুল ইসলাম খান জানিয়েছেন, কালের কণ্ঠ’র অনলাইনে নিউজ দেখে সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. রাশেদুজ্জামন, লৌহজং থানার ওসি মো. আলমগীর হোসাইন ও স্থানীয় হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হককে পাঠিয়ে তিনটি বাড়ি লক ডাউনের ব্যবস্থা করি। ওই তিনটি পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। যাতে তাদের খাবারের জন্য বাইরে আসতে না হয়।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বেদেদের করোনা সোয়াব সংগ্রহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যে বেদে পল্লীতে করোনা’র সোয়াব সংগ্রহ করছে। এ ধরনের সংবাদ প্রকাশের জন্য তিনি কালের কণ্ঠকে ধন্যবাদ জানান।
এর পূর্বে গতকাল বুধবার আলতাফ হোসেন (৭০) নামে গোয়ালী মান্দ্রা বেদে পল্লীতে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছেন। গত ২৪ মে ঈদের পূর্বের দিন তার ভাই সিরাজ উদ্দিনও করোনা উপসর্গ নিয়ে মারা যাবার খবর পাওয়া যায়। তবে তথ্য গোপন করে এ ব্যক্তিদের লাশ সাতঘড়িয়া কবরস্থানে দাফন করা হয়েছে। প্রশাসনকেও এ ব্যাপরে কিছু জানানো হয়নি।
অনুসন্ধানে জানা যায়, কারো করোনা হলে এ বিষয়ে প্রশাসনকে না জানানোর জন্য বেদে সর্দারদের কড়াকড়ি নির্দেশ ছিল। যদি কেউ প্রশাসনকে জানায়, তবে মোটা অংকের জরিমানার সম্মুখীন হতে হবে বেদে পল্লীর রীতি অনুযায়ী। তবে এরকম কথা অস্বীকার করেছে বেদে পল্লীর লোকজন। নাম প্রকাশ না করার শর্তে বেদে সম্প্রদায়ের অনেকেই স্বীকার করেছে আলতাফ করোনার উপসর্গ নিয়ে মারা গেছে। এছাড়া বেদে পল্লীতে অনেকেরই করোনা উপসর্গ রয়েছে।
এদিকে স্থানীরা জানায়, বেদে পল্লীতে অনেকেরই করোনা রয়েছে। কিন্তু তারা তথ্য গোপন করছে। করোনা পরীক্ষা করাতেও তারা স্বাস্থ্য বিভাগের সহযোগিতা নেয় না। উপসর্গ নিয়েই তারা স্থানীয় হাট-বাজারে ঘোরাফেরা করছিল। এমনকি তারা মাক্সও ব্যবহার করতে চায় না। তাই স্থানীয়দের মাঝে এ নিয়ে আতঙ্ক বিরাজন করছিল। কালের কণ্ঠে এ নিয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসন সেখানে ছুটে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
কালের কণ্ঠ

Leave a Reply