মুন্সীগঞ্জে বন্যায় কৃষিতে ক্ষতি সোয়া ২৪ কোটি টাকা, বরাদ্দ সাড়ে ১২ লাখ!

চলতি বছরের বন্যায় মুন্সীগঞ্জে আউশ ধান, বোনা আমন ধান, রোপা আমন ধান ও বীজতলা, শাক-সবজি প্রভৃতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষতির পরিমাণ সোয়া ১৪ কোটি টাকার বেশি। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য সরকারি বরাদ্দ এসেছে ১২ লাখ ৫০ হাজার ৭৬৫ টাকা। প্রাপ্ত বরাদ্দ এখনও কৃষকের মাঝে বিতরণ করা হয়নি।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি সহায়তায় মুন্সীগঞ্জ জেলার ২ হাজার কৃষক সুবিধা পাবেন। তাদের সহায়তা হিসেবে স্বল্প মেয়াদি ও মধ্য মেয়াদি বিভিন্ন ধরনের শাক-সবজির বীজ বিতরণ করা হবে। স্বল্প মেয়াদি বীজের মধ্যে ডাটা শাক, পালন শাক, পুঁই শাক, করমি শাক ও পাট শাকসহ বিভিন্ন ধরনের শাক-সবজির বীজ বিতরণ করা হবে । এছাড়া মধ্য মেয়াদি সবজির মধ্যে লাউ, চাল কুমরা, ঝালি কুমড়া এবং শসা সহ প্রভৃতি বীজ বিতরণ করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো.শাহ আলম দৈনিক অধিকারকে জানান, বন্যায় ২৪ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকার ক্ষয়ক্ষতির বিপরীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য ১২ লাখ ৫০ হাজার ৭৬৫ টাকা বরাদ্দ হয়েছে। আগামী মাস থেকে সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হবে। এদিকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে এখনও নিম্নাঞ্চলের ফসলি মাঠে পানি আছে। এ বারের বন্যায় ১ হাজার ৭৬৭ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে যায়। এতে ১৩ হাজার ৯৩৩ জন কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

অন্যদিকে জেলা প্রশাসন সূত্র জানায়, ছয় উপজেলার ৪৪টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। ওই ইউনিয়ন গুলোর ৩১৯টি গ্রামের ৪২ হাজার ৫৮৩টি পরিবার পানিবন্দী অবস্থায় আছেন। এরমধ্যে ছয়টি উপজেলায় ৭৮টি আশ্রয়কেন্দ্রে মাত্র ৯৭টি বানভাসি পরিবার আশ্রয় নিয়েছেন। অন্যদিকে ইতোমধ্যে বানভাসি পরিবারদের সহায়তায় ৫৭৭ মেট্রিক টন চাল, ৫ হাজার ৫’শ বন্যার্ত পরিবারের জন্য শুকনো খাবার, শিশু খাদ্যের জন্য ৫ লাখ টাকা ও গো-খাদ্যের জন্য ১৪ লাখ টাকা ও জিআর ক্যাশ হিসাবে ৫ লাখ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।

দৈনিক অধিকার

Leave a Reply