শ্রীনগরে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার

মোঃ আরিফ হোসেন: শ্রীনগরে সরকার ঘোষিত চলমান নিষেধাজ্ঞা অমান্য করে কনের বাড়িতে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান। শুক্রবার দুপুরে উপজেলার জুশুরগাও নিমাইপাড়া গ্রামে প্রায় ৪শ লোকের জন্য সাজানো হয় ডেকোরেটরের চেয়ার টেবিল, রান্না-বান্নাও শেষ হয়েছিল। বরযাত্রী আসার জন্য কনে পক্ষের অপেক্ষা। এমন সময় শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞাকে নিয়ে কনের বাড়িতে হাজির হন। এসময় বিয়েটি একই পাড়ার মধ্যে হওয়ায় এবং পূর্ব নির্ধারিত থাকার কারনে উপজেলা নির্বাহী অফিসার সকল আয়োজন বন্ধ করে দিয়ে শুধু মাত্র বরকে এনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার নির্দেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণব কুমার ঘোষ জানান, বিয়ে বাড়িতে লোকজন জড়ো হতে শুরু করার খবরে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে আয়োজন বন্ধ করে দেওয়া হয়। তবে সবদিক বিবেচনা করে শুধু ছেলে পক্ষ এসে মেয়েকে নিয়ে চলে যাবে, এমন সুযোগ দিয়ে বিয়ে সম্পন্ন করতে বলা হয়েছে।

স্থানীয়রা জানায়, পাটাভোট ইউনিয়নের জুশুরগাও নিমাইপাড়ার কোরবান আলীর ছেলে মোঃ বাবুর সাথে একই পাড়ার শফিকুল ইসলামের মেয়ের সঙ্গে বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আয়োজন বন্ধ করে দেন। তবে উপজেলা নির্বাহী অফিসার চলে যাওয়ার পর বর পক্ষ এসে কনের বাড়ির ও প্রতিবেশীদের বাড়ির ঘরে বসে খাবার খেয়ে কনেকে নিয়ে গেছে।

Leave a Reply