মুন্সীগঞ্জের শ্রীনগরে রাহিমা আক্তার মোহনা (১১) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সিন্দুরদী গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। মোহনা ওই গ্রামের নুরুল ইসলামের নাতনি ও মুক্তা বেগমের কন্যা।
খবর পেয়ে ওই রাতেই মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান ও শ্রীনগর থানার ওসি মো. হেদায়াতুল ইসলাম ভূঞা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে মোহনার মা মুক্তা বেগমের সঙ্গে তার বাবা রাসেলের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে মোহনা ও তার এক ছোটভাই সিন্দুরদীতে তার নানার বাড়িতে থাকত। ঘটনার দিন তার মা মুক্তা বেগম বাড়িতে ছিলেন না। সন্ধ্যার দিকে মোহনার ছোটভাই নানার দু’চালা টিনের ঘরে বোন মোহনাকে পড়ে থাকতে দেখে। এ সময় মোহনার গলায় সুতা প্যাঁচানো ছিল।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, রাতেই খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিন্টু বলেন, শিশুটির গলায় মাছ ধরার সুতা প্যাঁচানো ছিল। রহস্যজনক এ মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, লাশটি উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
যুগান্তর

Leave a Reply