দুই কোটি টাকার সেতুতে ব্যবহার হয়েছে বাঁশ

শ্রীনগরে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণে বাঁশ ও নিম্ন্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। উপাজেলার আটপাড়া ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে এই সেতুটি নির্মাণ হচ্ছে। শ্রীনগর উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, সেতুটি ২০২১-২২ অর্থবছরে সেতুটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮২ লাখ টাকা। এর ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে মেসার্স এস সরকার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। গতকাল সরজমিন গিয়ে দেখা গেছে, মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়ক সংলগ্ন আটপাড়া এলাকায় সেতুটি নির্মাণের কাজ চলছে। সেতুর এক পাশের নিচের গার্ডার সহ পিলার ঢালাই করা হয়েছে। কাজটির অনেক স্থানেই ব্যবহার করা হয়েছে বাঁশ। বাঁশ যেন দেখা না যায় সেজন্য অনেক স্থানে সিমেন্ট বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

সেতুটির অন্য পাশের এপ্রোচ ঢালাইলের জন্য প্রস্তুত করা হচ্ছে। এলাকাবাসী জানায়, সেতুটি নির্মাণের শুরুতে যখন পাইলিং এর কাজ করছিল তখন থেকেই একেবারে নিম্নমানের কাজ করা হচ্ছে। তারা সেতু নির্মাণে বাঁশ ব্যবহার করছে। এখানে যারা কাজ করছেন আমরা তাদের একাধিকরার বলেছি কিন্তু তারা কারো কথা শোনে না। এই কাজের ঠিকাদার সিরাজদিখান উপজেলার মাহবুবুর রহমান রন্টুর মালিকানাধীন এস সরকার এন্টারপ্রাইজ। আর কাজটি তদারকি করছেন রন্টুর পার্টনার আফাজ ভূঁইয়া।

স্থানীয়রা বলেন, আফাজ ভূঁইয়ার বাড়ি কুচিয়ামোরা এলাকায় হওয়ায় তিনি খুব প্রভাব দেখান। এর আগে নিম্নমানের ময়লা ধুলাবালি ও সিমেন্টের বস্তার টুকরো ময়লা মেশানো পাথর, সিলেকশন বালুর সঙ্গে সাদা বালু মিশিয়ে চলেছে ঢালাইয়ের কাজ। সেখানে তদারকিতে থাকা উপজেলা কার্য-সহকারী মিজান বলেন, আমি তো ঢালাইয়ে মালের হিসাব রাখছি রাস্তার ওপর থেকে তারা কি মাল আনছে সেটা দেখি নাই। মালের কাছে জেলা সহকারী ইঞ্জিনিয়ার আছেন তিনি বলতে পারবেন।

মুন্সীগঞ্জ জেলা উপ-সহকারী প্রকৌশলী আসিফ উদ্দিন বলেন, নিম্নমানের পাথরের বিষয়ে বলেন- আসলে সকাল থেকে কারেন্ট ছিল না তাই পাথরে পানি মারা হয়নি। সেজন্য কিছু ধুলা রয়ে গেছে। সিলেকশন বালু দেখাতে গিয়ে বলেন- আগের কাজের কিছু সাদা বালু ছিল সেটা রয়ে গেছে। তবে আমরা ভালো সাদা বালু ব্যবহার করছি না। ঠিকাদারের পক্ষে তদারককারী আফাজ ভূঁইয়া বলেন, এটি আমার কাজ না। কাজটি এস সরকার এন্টারপ্রাইজের। তার সঙ্গে কথা বলেন। শ্রীনগর উপজেলা প্রকৌশলী রাজিউল্লাহ বলেন, ঢালাইয়ের সময় দতারককারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। বাঁশের ব্যবহার হয়ে থাকলে তা ভাঙা হবে।

মানবজমিন

Leave a Reply