
মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের আদারিয়াতলা গ্রামে ভূমি প্রশাসনের নাম ভাঙিয়ে অবৈধ ড্রেজার দিয়ে চলছে ডোবা, নালা, পুকুর ও খাস জমি ভরাট। একটি সিন্ডিকেট একের পর এক সরকারি হালট ও খাস জমি দখল করে দেয়ার চুক্তিতে ভরাটের কাজ বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা নষ্ট করে এলাকার পরিবেশ ধ্বংস করে চলছে ড্রেজার ব্যবসায়ী চক্রটি। বর্ষায় একটু বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পরিবেশের চরম ক্ষতি হচ্ছে।
এ চক্রটি যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের ছায়াতলে থেকে মাদক কারবার, চুরি, ছিনতাই, সরকারি জমি দখল করে বিক্রিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে তাকে। এমনও দেখা গেছে ড্রেজারে ভরাটের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সেই জমির মালিককে পড়তে হয় মহাবিপদে।
সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, সিএস, আরএস সরকারি হালট। সেখানে ভূমি প্রশাসনের সরেজমিন ইউপি সদস্য, গ্রাম পুলিশ বা ইউনিয়ন ভূমি অফিস কর্মচারী কর্মকর্তা হাতের নাগালে খাকলেও একের পর এক দখলে চলে যাচ্ছে সরকারি জায়গা বা হালট হিসেবে পরিচিত নকশায় দেখানো জমি।

মুন্সীগঞ্জের পঞ্চসারে ড্রেজারের পাইপ বসিয়ে অবৈধভাবে ভরাট করা হচ্ছে ডোবা : নয়া দিগন্ত –
এ বিষয় আদারিয়াতলা গ্রামের পঞ্চসার ইউনিয়নের আব্দুস সালাম মেম্বার বলেন, এ ওয়ার্ডে কোনো সরকারি হালট দখল বা ড্রেজার লাগিয়ে ভরাট হয় না। তবে সাবেক চেয়ারম্যান সফিউদ্দিন আহম্মেদের ভাই সরকার থেকে জমি লিজ নিয়েছেন সেই জমি ক্রয়-বিক্রয় চলছে।
এলাকাবাসীর অভিযোগ, মাদক কারবারি আর ভূমি দখলদারদের মাধ্যমে এ এলাকার খাস জমি, সরকারি হালট বিভিন্ন দলের নাম ভাঙ্গিয়ে দখল হয়ে যায়। পাড়ায় পাড়ায় ভূমি দখলদারদের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ড্রেজার নিয়ন্ত্রণ হয়ে থাকে। কোনো কোনো জায়গা জোর করেও ভরাট করে ফেলা হয়।
এ বিষয় পঞ্চসার ইউপিভূমি অফিসের নায়েব গিয়াস উদ্দিন বলেন, আমি সরেজমিনে গিয়ে বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করে আইনি ব্যবস্থা নেবো। তিনি বলেন, সরকারি হালট বা জলাশয় হলেও স্তর পরিবর্তনে অনুমতি নিতে হবে। বিষয়টির সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।
এ বিষয় ড্রেজার মালিক ডিঙ্গা ভাঙ্গা গ্রামের হুমায়ুন বলেন, সহকারী কমিশনার (ভূমি) থেকে লিখিত অনুমতি নিয়ে এ ড্রেজার বনিয়েছেন তিনি। কাগজ দেখতে চাইলে পরে দেখাবেন বলে ফোন আলাপে জানান। তিনি বলেন, আমি কোনো সরকারি জমি ভরাট করি নাই।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান জানান, ড্রেজারের বিষয়টি এখনই লোক পাঠিয়ে বন্ধ করার ব্যবস্থা নেয়া হচ্ছে।
নয়া দিগন্ত

Leave a Reply