মুন্সিগঞ্জে আন্তঃজেলা ডাকাতি ও অটোরিকশা ছিনতাইয়ের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন।
১০ এপ্রিল মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে অটোরিকশাচালক লতিফুর রহমান আশিকের করা অটোরিকশা ছিনতাইয়ের মামলা তদন্ত চলাকালে উঠে আসে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য।

পরে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার বলেন, এবার ঈদকে সামনে রেখে ঢাকা-মাওয়া মহাসড়কসহ জেলার বিভিন্ন পয়েন্টে ডাকাতির প্রস্তুতি নিয়েছিল সংঘবদ্ধ এই চক্রের সদস্যরা।
এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়োন্দা শাখা (ডিবির) একটি বিশেষ টিম মুন্সিগঞ্জ, ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় অভিযানে ছিনতাই হওয়া ৩টি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেফতার আসামিদের মধ্যে মনির ও রুবেল ফেনীর সোনাগাজীতে স্বর্ণব্যবসায়ী অর্জুন চন্দ্র ভাদুরী হত্যা মামলার প্রধান আসামি। এরা দীর্ঘদিন ধরেই মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ছিনতাই ও ডাকাতি ঘটনার সঙ্গে জড়িত ছিল।
এছাড়াও আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়- মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা ও আশেপাশের এলাকায় যাত্রীবেশে ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে নানা কৌশলে, অটোরিকশা ও মিশুকচালকদের ভাড়া করে নির্জন স্থানে নিয়ে যায়। পরে সুবিধা মতো পরিস্থিতি বুঝে চালককে ঘায়েল করে চালকের কাছ থেকে অটোরিকশাসহ তার সর্বস্ব লুট করে নিয়ে যাওয়া হয়। এসময় এতে বাধা দিলে অটোচালকদের খুন পর্যন্ত করে থাকে এই সংঘবদ্ধ চক্রের সদস্যরা।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মনির হোসেন (৩২), জাহাঙ্গীর (৩৯), অহিদ (৪৫), রুবেল হাওলাদার (৩৩), নয়ন আহম্মেদে (৩২), ওমর ফারুক ( ২৬) ও মোকসেদ ব্যাপারী (৪১)।
গ্রেফতার আসামিরা নানা অপরাধের পাশাপাশি আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে।
এছাড়াও গ্রেফতার আসামিদের মধ্যে মোকছেদ ব্যাপারীর বিরুদ্ধে ১টি হত্যা মামলা, মনিরের বিরুদ্ধে ১টি খুনসহ ডাকাতি মামলা, ১টি হত্যা মামলা ও ২টি চুরি মামলাসহ মোট ৪টি মামলা, রুবেল হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৪টি ডাকাতি মামলা, ১টি খুনসহ ডাকাতি মামলা ও ২টি ডাকাতির প্রস্তুতি মামলাসহ মোট ৭টি মামলা এখন বিচারাধীন আছে।
প্রতিনিধি/এসএস

Leave a Reply