মিরকাদিমে শিশু আযান হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমে ২ মাসের শিশু আযান হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গোপালনগর এলাকাবাসীর ব্যানারে জেলা শহরে এ বিক্ষোভ ও মানববন্ধন করা হয়।

বেলা ১২টার দিকে জেলা শহরের থানারপুল এলাকার অংকুরিত যুদ্ধ একাত্তরের পাদদেশ থেকে মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু সড়কের মুন্সীগঞ্জ প্রেসক্লাবে এসে মানববন্ধনে মিলিত হয়। পরে আধ-ঘণ্টার মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন নিহত শিশুর বাবা মো. শরীফ, নানা মোহন মিয়া, নানী ময়না বেগম, খালা লাবনী আক্তার প্রমুখ।

নিহত আযানের বাবা মো. শরীফ বলেন, আমাদের সাথে কারো ঝগড়া ছিল না। আমার স্ত্রী রমিজিকে আযানকে দেখতে দিয়ে বাহিরে গেল। পরে আজান নিখোঁজ হলো। আমার দুই মাসের অবুঝ শিশুকে কেন হত্যা করা হলো। রমিজির ফাঁসি চাই।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার গোপালনগর এলাকার নানা বাড়ি থেকে চুরি হয় শিশু আযান। ৪ দিন পর ২ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে প্রতিবেশী ফারুকের বাড়ির পাশের ডোবার কিনারে মাটিতে পুঁতে রাখা শিশু আযানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ ওইদিনই প্রতিবেশী রমিজি বেগমকে (৬০) গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে প্রেরণ করা হলে জেল হাজতে পাঠানো হয়।

দেশ রুপান্তর

Leave a Reply