চার উপজেলা নিয়ে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা আড়িয়াল বিল দখলে চলছে মহোৎসব অসাধু হাউজিং ব্যবসায়ীরা সরকারি খাস জমিসহ খাল, দিঘী, পুকুর ভরাট করে চলেছে
মুনীরুল ইসলাম: মুন্সীগঞ্জের পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝখানে বহু আলোচিত আড়িয়াল বিল অবস্থিত। শ্রীনগর, সিরাজদিখান, দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে দেশের মধ্যাঞ্চলের সর্ববৃহৎ ও প্রাচীন এ আড়িয়াল বিল। হাউজিং কোম্পানি ও বাণিজ্যিক দখলদারদের কারণে আবাসনের নামে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে এ আড়িয়াল বিল। চার উপজেলা নিয়ে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা আড়িয়াল বিল দখলে চলছে মহোৎসব।
এক শ্রেণীর অসাধু হাউজিং ব্যবসায়ীরা ড্রেজার ও ড্রামট্রাক দিয়ে একের পর এক আড়িয়াল বিলের কৃষি ও সরকারি খাস জমিসহ খাল, দিঘী, পুকুর ভরাট করে চলেছে। এছাড়া বর্ষায় মৌসুমে পুরো আড়িয়াল বিল যখন পানিতে ডুবে যায় তখন এক শ্রেনীর মাটি খেকো মাটি কেটে ট্রলার যোগে বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। আর এ কারণে হুমকীতে রয়েছে প্রায় ১৩৬ বর্গ কিলোমিটার আয়তনের এ বিল। এ বিলে প্রায় ২৮ হাজার হেক্টর জমির মধ্যে ১০ হাজার হেক্টর খাস ও ভেস্টেড অ্যান্ড নন ভেষ্টেট প্রপার্টি। আড়িয়াল বিলের বেশিরভাগ এলাকাই শুষ্ক ঋতুতে আর্দ্রতা এবং বিলে যথেষ্ট পরিমাণ পানি থাকে। এ বিল বর্ষায় পানিতে টইটুম্বুর ও শীতকালে বিস্তীর্ণ শস্য ক্ষেতে পরিণত হয়। বর্তমান সরকার ২০১১ সালে আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেয়। সেই লক্ষ্যে ভূমি অধিগ্রহণ শুরু হয়। বিলের মানুষ তাদের রুটিরুজীর একমাত্র মাধ্যম রক্ষার্থে সরকারের পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলন করে। গঠন করা হয় আড়িয়াল বিলরক্ষা কমিটি। হাজার হাজার কৃষকসহ নারী-পুরুষ ২০১১ সালে ৩১ জানুয়ারি বিক্ষোভ করে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করেন। ওই আন্দোলনে যানবাহন ভাঙচুরসহ একজন পুলিশ সদস্য প্রাণ হারায়। তীব্র আন্দোলনের কারণে সরকার আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্প বাতিল করেন।

এদিকে হাউজিং কোম্পানিগুলো এলাকার এক শ্রেণীর দালাল ও প্রভাবশালীদের বেশি টাকার লোভ দেখিয়ে কৃষিকদের নানাভাবে চাপ প্রয়োগ করে পৈতৃক জমি বিক্রি করতে বাধ্য করেন। বিভিন্ন হাউজিং কোম্পানি কৃষকের কাছ থেকে বছর চুক্তিতে জমি ভাড়া নিয়ে বড় বড় বিলবোর্ড সাটিয়ে দিচ্ছেন। এছাড়া কোনো কৃষক বিলের জমি বিক্রি করতে না চাইলে তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে এমনকি আশপাশের জমি কিনে তাদের জমি জোরপূর্বক বিক্রি করাতে বাধ্য করারও অভিযোগও উঠেছে।
এছাড়াও ভূমি দালালেরা পদ্মা নদীর সংযোগ একাধিক খালের মুখ বন্ধ করে পানি প্রবাহ বাধা সৃষ্টি করছে। যার ফলে শস্যভান্ডার, মাছ ও জীববৈচিত্র্য পুরোপুরি হুমকির মুখে পড়েছে। জলধারা প্রবাহ বিঘ্ন ঘটায় বিপাকে পড়েছে হাজার হাজার কৃষকসহ স্থানীয় জনগণ।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুসহ শ্রীনগর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ হওয়ার কারণে শ্রীনগর উপজেলাটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পদ্মা সেতু চালু হওয়ার পরে হাউজিং কোম্পানিগুলো এক্সপ্রেসওয়ে সংযোগ সড়কের দুই পাশের কৃষিজমি এবং আশপাশের ডোবা-নালা ও খাল দখল করে ভরাট শুরু করেছে। পাশাপাশি বেশিরভাগ হাউজিং কোম্পানিগুলো সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলের বিভিন্ন এলাকার জমি দখল করে বালু ভরাটে নেমেছে। আবার অনেক কোম্পানির নিজস্ব জমি না থাকা সত্ত্বেও আড়িয়াল বিলের বিভিন্ন এলাকার জমি ভাড়া নিয়ে কোম্পানির নামে বড় বড় বিল বোর্ড সাটিয়ে ক্রেতাদের প্রলুব্ধ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২৩ সালের ১৬ আগস্ট আড়িয়াল বিলের জমি দখল, মাটি ভরাট ও নির্মাণকাজ অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, পরিবেশ অধিদফতরের পরিচালক এবং শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-কে আড়িয়াল বিলের জমি দখল, মাটি ভরাট ও স্থাপনা নির্মাণ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দেয়া হয়েছে।
সরেজমিনে আড়িয়াল বিল এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, পুষ্পধারা, রয়েল ইকো ভ্যালি, ধরিত্রী, নগর ভিটাসহ বিভিন্ন হাউজিং কোম্পানির সাইনবোর্ডে সয়লাব হয়ে পড়েছে আড়িয়ার বিলের কৃষি জমি। এছাড়া ঢাকা-মাওয়া মহাসড়কের দুইপাশ দিয়ে গুলশান সিটি, বাতায়ন, দখিনাচল, শান্তিনিবাস, বারিধারা, মৈত্রী, ইকো ভিলেজ, পদ্মা সিটি ও নতুন ধারা হাউজিং কোম্পানির নামে একাধিক স্থানে বিভিন্ন ধরনের বিলবোর্ড সাটিয়ে ২/৩ ফসলি জমিতে দেদারছে বালু ভরাট করা হচ্ছে। অথচ প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী, সরকারি যে কোনো জলাধার ভরাট করা যাবে না। কোনো সংস্থা বা ব্যক্তি উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া সরকারি কোনো জলাধারে কাঠামো নির্মাণ, বালি বা কাঁদা উত্তোলন করে জমির উন্নয়ন করে জলের গতি বন্ধ বা পরিবর্তন ও পরিবর্তনের চেষ্টা করতে পারবে না।
এছাড়া কোনো প্রকার আবাসন প্রকল্প করতে গেলে অবশ্যই নীতিমালা অনুসরণ ও নিয়মকানুন মেনে করতে হবে। যদি কোনো কোম্পানি আবাসন প্রকল্প করতে চায় তাহলে তাদের নিজস্ব নামে সর্বনিম্ন ১০ একর জমি থাকতে হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমোদন, জেলা প্রশাসনের কাছ থেকে দায়মুক্তি সনদ, পরিবেশ অধিদফতর থেকে ৩ ধাপের ছাড়পত্র নিতে হবে। আর এগুলো থাকলেই কোনো কোম্পানি একটি আবাসন প্রকল্প করতে পারবেন। অথচ সরকারি নিয়ম নীতির কোনো ধরনের তোয়াক্কা না করে আবাসন প্রকল্প কোম্পানিগুলো তাদের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। আবার কোনো কোনো কোম্পানি শুধু জেলা প্রশাসনের কাছে আবেদন করে আবার কেউ কিছু না করেই বিলবোর্ড সাটিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
উপজেলার হাসাড়া ইউনিয়নের বাসিন্দা র
বিন বলেন, ষোলঘর ইউনিয়নের কেয়টখালী গ্রামে রেলওয়ের আন্ডারপাস থেকে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড পর্যন্ত রেলওয়ের জায়গায় প্রায় অর্ধকিলোমিটার দীর্ঘ রাস্তাটি নির্মাণ কাজ চলছে। তারা তাদের রাস্তার জন্য বালু দিয়ে একটি খাল ভরাট করছেন। এ খালটি আড়িয়াল বিলে পানি প্রবাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ হাউজিং কোম্পানিসহ আড়িয়াল বিলের সকল স্থাপনা সরিয়ে নিতে উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে। জানা গেছে, উপজেলার হাসাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মো. মকদমের নেতৃত্বে রেললাইনের পশ্চিম পাশে পুষ্পধারা হাউজিংয়ের স্বার্থের জন্য এ রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।
আলমপুর গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান বলেন, আড়িয়াল বিলে নগর ভিটা কোম্পানির ক্রয়কৃত নিজস্ব এক শতাংশও জমি নাই। অথচ বিভিন্ন ফসলি জমি মাসিক বা বছর চুক্তিতে ভাড়া নিয়ে তারা শত শত বিলবোর্ড সাটিয়ে দিয়েছেন।
উপজেলার লস্করপুর গ্রামের আব্দুল আজিজ ইনকিলাবকে বলেন, রয়েল ইকো ভেলী আবাসিক কোম্পানি শুধুমাত্র একটি জমি ক্রয় করে আড়িয়াল বিলের বিভিন্ন জমির মালিকের কাছ থেকে বছর বা মাস চুক্তিতে জায়গা ভাড়া নিয়ে শত শত বিলবোর্ড সাটিয়ে দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুুক এক ব্যক্তি বলেন, এ সকল আবাসিক কোম্পানিগুলোর নিজস্ব পালিত সন্ত্রাসী বাহিনীর পাশাপাশি রয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে সখ্যতা। কোম্পানিগুলো তাদের পালিত এই সন্ত্রাসী বাহিনী দিয়ে আড়িয়াল বিলের বিভিন্ন জায়গার কৃষি জমিতে বিলবোর্ড স্থাপনাসহ সরকারি জমি, জলাশয় ও পানি প্রবাহের খাল দখল করেন থাকেন। যার ফলে কোম্পানি গুলোর বিরুদ্ধে কেউ ভয়ে মুখ খুলতে সাহস পায় না।
আড়িয়াল বিল বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ-এর কাছে জানতে চাইলে তিনি ইনকিলাবকে বলেন, আমি ওই সকল কোম্পানি গুলোকে নামজারি করে দিচ্ছি না। আমরা শক্ত অবস্থানে আছি। জেলা প্রশাসক আমাদের যেভাবে সিদ্ধান্ত দেয় সেই ভাবে আমরা কাজ করবো।
ইনকিলাব

Leave a Reply