মুন্সীগঞ্জে আলোচিত শিশু তকির হত্যা মামলায় ৫ জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড. মোহাম্মদ আলমগীর এ রায় ঘোষণা করেন।
আলোচিত এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন- রবিউল্লাহ, হান্নান মিয়া, আবুল হোসেন, ময়না মিয়া ও আনোয়ার হোসেন।

মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, ২০১০ সালের ৩১ আগস্ট সকালে মুন্সীগঞ্জ সদরের ফুলতলা এলাকায় দশ বছরের শিশু তকিরকে বাড়িতে রেখে তার বাবা-মা মুন্সীগঞ্জ শহরের মার্কেটে যায়। পরে বিকাল ৪ টার দিকে বাড়িতে ফিরে এসে তকিরকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। কোথাও খুঁজে না পেয়ে ঘটনার পরের দিন পহেলা সেপ্টেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা আসামী করে অপহরণ মামলা দায়ের করেন তকিরের মা ঝর্ণা বেগম। পরে শিশুটির নিখোঁজের ঘটনার তিনদিন পর ২ সেপ্টেম্বর বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশু তকিরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এরপর হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ধেহে ৩ নভেম্বর পাশের এলাকার চিহ্নিত চোর রবিউল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসা বাদে, তার দেয়া তথ্য অনুযায়ী, ঘটনার সঙ্গে জড়িত আরও ৪জন আসামিকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে তকির গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার জন্য তকিরকে সংঘবদ্ধভাবে অপহরণ করে হত্যা করা হয় বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের দায় শিকার করে রবিউল্লাহ সহ অপরাপর আসামিরা।
এরপর দীর্ঘ প্রায় ১৪ বছর বিচারকার্য শেষে আসামীদের জবানবন্দি ও সাক্ষ প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার তিনজন আসামির উপস্থিতিতে আদালত এ রায় প্রদান করেন। তবে পলাতক রয়েছে মামলার দুই আসামি রবিউল্লাহ ও হান্নান মিয়া।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম পল্টু জানান, এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নিহত শিশু তকির পরিবার।
অবজারভার

Leave a Reply