অপারেশন ‘ডেভিল হান্টের’ অংশ হিসাবে চালানো অভিযানে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানা থেকে লুট হওয়া একটি চায়না রাইফেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরের বাঁশবাড়ি এলাকার নির্মাণাধীন একটি দ্বিতল বাড়ির নিচতলার খোলা টয়লেট থেকে অস্ত্রটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টঙ্গীবাড়ি থানার এসআই শাহ আলী।
সক্রিয় চায়না রাইফেলটির বডি নাম্বার এ-০৩৭০৩, বাট নাম্বার- ১৫, আরসি ০৩৭০৩।

এসআই শাহ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে নির্মাণাধীন ভবনটিতে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে চায়না রাইফেলটি উদ্ধার করা হয়েছে।
নির্মাণাধীন বাড়িটির মালিক আতাউর রহমান, তিনি বাঁশবাড়ি এলাকার মৃত হাজী মীর আলী বেপারীর ছেলে। প্রাথমিকভাবে অস্ত্রটির সঙ্গে আতাউর রহমানের কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে আটক করা হয়নি।
তিনি আরও জানান, গত বছরের ৫ অগাস্ট টঙ্গীবাড়ি থানায় হামলা ও লুটপাটের সময় এই অস্ত্রটি খোয়া গিয়েছিল। এ ব্যাপারে জড়িতদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে।
বিডিনিউজ

Leave a Reply