কেরানীগঞ্জে কার্টনে মানবদেহের খণ্ডিত অংশ মুন্সীগঞ্জে মিলল মাথা

ঢাকার কেরানীগঞ্জে ও মুন্সীগঞ্জে রাস্তার পাশে কার্টন থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধারের পর তার পরিচয় মিলেছে। নিহতের নাম সবুজ। তিনি ঢাকার সাভারের যাদুরচর গ্রামের ইউনুস মোল্লার ছেলে। তার মামা মহসিন লাশ শনাক্ত করেন।

সবুজের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি রাজধানীর বনানীতে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। তার নিখোঁজের তথ্য জানিয়ে সাভার থানায় জিডিও করেছিল পরিবার।

এর আগে গতকাল সকালে কেরানীগঞ্জে পড়ে থাকা দুটি কার্টনে মানবদেহের খণ্ডিত অংশ পাওয়া যায়। এর মধ্যে ছিল দুটি পা, হাত, শরীরের নিম্নাংশ ও বুকের অংশ। সেগুলো পলিথিনে মোড়ানো ছিল। একই দিন বিকেলে মুন্সীগঞ্জের লৌহজংয়েও একটি কার্টনে মানবদেহের খণ্ডাংশ মেলে। সেখানে স্কচটেপ দিয়ে মোড়ানো বিচ্ছিন্ন মাথা ও উরুর অংশ পাওয়া যায়।

কেরানীগঞ্জ মডেল থানার ওসির মুহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, সকালে মালঞ্চ এলাকার লোকজন দেখতে পান কুকুর পলিথিনে মোড়ানো কিছু একটা নিয়ে টানাটানি করছে। এগিয়ে গিয়ে তারা দেখেন সেটি মানবদেহের খণ্ডাংশ। পরে তারা থানায় জানায়।

ওসি বলেন, কার্টন দুটি কে বা কারা ফেলে গেছে তা কেউ বলতে পারছেন না।

ওসি জানান, এসব খণ্ডিত অংশ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফরেনসিক টিম ডিএনএ প্রোফাইলিং, ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। পরে সেগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এদিকে, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাতেও কার্টনে বিচ্ছিন্ন মাথাসহ মানবদেহের খণ্ডাংশ মেলে। গতকাল বিকেলে উপজেলার মেদেনীমণ্ডল খানবাড়ি এলাকায় আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে সেগুলো পাওয়া যায়। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে খণ্ডাংশগুলো উদ্ধার করে বলে জানান মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান।

কালবেলা

Leave a Reply