সাড়ে ৫ কোটি টাকার অবৈধ জাল ও সুতার রিল জব্দ

মুন্সীগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে প্রায় সাড়ে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও সুতার রিল জব্দ করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) ভোর ৪টার দিকে মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়ন এলাকা থেকে এসব সরঞ্জাম জব্দ করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের খালাসি বাড়িসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তখন ওই এলাকার একটি জাল তৈরির কারখানা ও তিনটি গোডাউন তল্লাশি করে আনুমানিক ১৫ লাখ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ১ হাজার ৫০০ পিচ সুতার রিল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা। জব্দকৃত কারেন্ট জাল ও সুতার রিল মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
তিনি আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে।

কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

কালের কন্ঠ

Leave a Reply