মুন্সীগঞ্জ শহরে পুকুর ভরাটের হিড়িক, ভয়াবহ পরিণতির শঙ্কা

নাসির উদ্দিন উজ্জ্বল: দিনদিন কমে যাচ্ছে মুন্সীগঞ্জ সদর উপজেলার প্রাকৃতিক জলাধার। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর পুকুর ও জলাশয় একের পর এক ভরাট হয়ে যাচ্ছে। এতে করে শুধু পরিবেশ বিপর্যয় নয়, অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে পানির চরম সংকট দেখা দিচ্ছে। জনসাধারণ, পরিবেশবিদ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মতে, এই প্রবণতা চলতে থাকলে ভবিষ্যতে শহরজুড়ে ভয়াবহ পরিণতির আশঙ্কা রয়েছে।

সম্প্রতি শহরের মানিকপুর মসজিদ সংলগ্ন বহু পুরোনো একটি পুকুর ভরাট হয়ে গেছে। এলাকাবাসীর মতে, দীর্ঘদিন ধরে এই পুকুরটি আশপাশের মানুষের পানির চাহিদা মেটানোর পাশাপাশি অগ্নিনির্বাপণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু এখন সেখানে বালু ফেলে জমি প্রস্তুত করা হয়েছে অন্য উদ্দেশ্যে ব্যবহারের জন্য।

এলাকার প্রবীণ বাসিন্দা আবদুল হালিম জানান, ‘আমার ছোটবেলায় এই পুকুরে সবাই গোসল করত, মাছ ধরত। এখন সেখানে বালু ফেলে ভরাট করা হয়েছে। আশেপাশে আর কোনো খোলা জলাধার নেই। ভবিষ্যতে যদি কোনো বড় অগ্নিকাণ্ড ঘটে, পানি কোথা থেকে আনবে?’

মুন্সীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর পুকুর ও জলাশয় একের পর এক ভরাট হয়ে যাচ্ছে। ছবি: সময় সংবাদ

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘শহরের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে প্রায়ই ছোট-বড় অগ্নিকাণ্ড ঘটে থাকে। তবে কাছাকাছি কোনো জলাধার না থাকায় দ্রুত পানির ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় দূরের এলাকা থেকে ট্যাংকার এনে আগুন নেভাতে হয়, যার ফলে সময় নষ্ট হয় ও ক্ষয়ক্ষতি বাড়ে।’

তিনি আরও বলেন, ‘শহরের ভেতরে এখনও যতগুলো পুকুর বা জলাশয় আছে, সেগুলো সংরক্ষণ করতে না পারলে ভবিষ্যতে বড় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে।’

অর্থাৎ জলাধার হারানোর ফলে শুধু নাগরিকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, শহরের জরুরি সেবাদানকারী সংস্থাগুলোও মারাত্মক চাপে পড়ছে।

পুকুর বা জলাশয় শুধু আগুন নেভানোর পানির উৎস নয়, বরং শহরের জলাবদ্ধতা রোধ, স্থানীয় আবহাওয়া নিয়ন্ত্রণ ও জীববৈচিত্র্য রক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম। গোয়ালপাড়া এলাকার বাসিন্দা সলিম উল্লাহ বলেন, ‘জলাধার শুধু আগুন নেভানোর জন্য নয়, শহরের জলাবদ্ধতা নিয়ন্ত্রণ, তাপমাত্রা হ্রাস এবং জীববৈচিত্র্য রক্ষার জন্যও অপরিহার্য। পুকুর ভরাট মানেই শহরের জীবনব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া।’

সলিম উল্লাহ আরও জানান, ‘অধিকাংশ পুকুর ভরাট করা হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে। ভরাট হওয়া জলাশয়গুলো মূলত প্লট তৈরি বা ভবন নির্মাণের জন্য দখল করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের আরও কঠোর হওয়া দরকার।’

নাগরিকদের মতে, প্রশাসনিক উদ্যোগ ছাড়া এই সমস্যার সমাধান অসম্ভব। তবে কেবল আইন দিয়ে নয়, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাও জরুরি। নয়তো সব উদ্যোগ ব্যর্থ হতে পারে। সলিম উল্লাহ বলেন, ‘পানির উৎস রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি না পেলে প্রশাসনিক পদক্ষেপগুলোও খুব বেশি কাজে আসবে না।’

শহরের একটি স্কুলের শিক্ষার্থী লিমা আক্তার বলেন, আমরা পরিবেশ নিয়ে স্কুলে শিখি, কিন্তু বাস্তবে দেখছি ঠিক উল্টোটা। একটার পর একটা পুকুর ভরাট হচ্ছে। আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয়।

লিমার মতে, পুকুর ও জলাশয় সংরক্ষণ শুধু পরিবেশগত ভারসাম্যের জন্য নয়, অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায়ও অপরিহার্য। তার মতো অনেক তরুণ নাগরিকের কণ্ঠে শোনা যাচ্ছে ক্ষোভ, উদ্বেগ এবং অনিশ্চয়তা।

এ বিষয়ে পরিবেশকর্মীরা বলছেন, পুকুর ও প্রাকৃতিক জলাধার ভরাট পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এতে শুধু পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে না, নাগরিক জীবন ও সুরক্ষা ব্যবস্থাও ঝুঁকির মুখে পড়ছে। তাই এখনই সময় শহরের বাকি জলাধারগুলোকে আইনি ও সামাজিকভাবে সুরক্ষার আওতায় আনার। প্রাকৃতিক জলাধার সংরক্ষণে প্রয়োজন শক্তিশালী প্রশাসনিক পদক্ষেপ, জনসচেতনতা বৃদ্ধি ও দায়বদ্ধ নাগরিক ভূমিকা। জলাধার হারালে শুধু একটি পুকুর নয়, হারাতে হবে ভবিষ্যতের নিরাপত্তা ও টেকসই শহর গঠনের স্বপ্ন।

সময় সংবাদ

Leave a Reply